২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালেও জমজমাট বইমেলা

বাংলা একাডেমী প্রাঙ্গণে একুশের বইমেলায় মঙ্গলবার হরতালের প্রভাব পড়েনি। পাঠক-ক্রেতার সমাগম ছিল অন্যদিনের মতোই স্বাভাবিক।

রাশেদ শাওন

ও আশিক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 06:34 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

বইপ্রেমীরা এদিনও মেলায় এসে স্বচ্ছন্দে ঘুরে বেড়িয়েছেন, পছন্দের বইটি খুঁজেছেন। অনেককে আবার জমপেশ আড্ডায় মেতে উঠতেও দেখা যায়। 

সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মেলায় ভিড় বাড়তে থাকে। বিক্রি-বাট্টাও ছিল গত ক’দিনের মতো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ কুরাইসিন বলেন, “হরতালের কারণে সারাদিন বসেই ছিলাম। বিকালে মেলায় এসে সারাদিনের ক্লান্তি দূর হলো। এখন মনের মধ্যে একধরনের প্রশান্তির ছোয়া অনুভব করছি।

“কালকেও হরতাল আছে শুনেছি। তবে এটা বইমেলায় কোনভাবেই প্রভাব ফেলবে বলে মনে হয় না। আমি প্রায় প্রতিদিনই মেলায় আসি। অন্যদিনের সঙ্গে আজকের কোনো পার্থক্য দেখছিনা।”

সন্ধ্যায় বাংলা একাডেমীর বিক্রয় কেন্দ্রে বইপ্রেমীদের স্বাভাবিক উপস্থিতিই লক্ষ্য করা যায়। 

একজন বিক্রয় কর্মি বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম বলেন, “মেলায় হরতালের কোন প্রভাব পরেনি। বিক্রিও চলছে স্বাভাবিক গতিতেই।”

লোক সমাগম আরো একটু বেশি হলে মেলায় উৎসবের আমেজটা পুরোমাত্রায় থাকতো বলে তিনি মনে করেন।

কলাবাগান থেকে বন্ধুদের সঙ্গে মেলায় এসেছিলেন সারা সুলতানা। তিনি বলেন, “আজই প্রথম মেলায় এসেছি।”

“হরতালের কারণে সারাদির বাসায়ই বসে ছিলাম। এখানে এসে আমার একজন বন্ধুর সঙ্গে দেখা হল। ভিড় কিছুটা কম। তবে একুশের বইমেলা যেমন থাকে, তেমনটাই লাগছে আমার কাছে।”

অ্যাডর্ন পাবলিকেশনের সৈয়দ জাকির হোসাইন জানান, গত এক যুগ ধরে তিনি অমর একুশে গ্রন্থমেলায় অংশ নিচ্ছেন। কখনো এ মেলায় হরতালের প্রভাব পড়তে দেখেননি তিনি।

তিনি আরো বলেন, “মেলার পঞ্চম দিনে যেমন লোক সমাগম থাকার কথা, তেমনটিই হয়েছে। তবে এ কথা সত্যি যে, বিক্রিবাট্টা খুব একটা উল্লেখযোগ্য নয়।”

এদিকে হরতাল উপলক্ষে মেলায় নিরাপত্তা ব্যবস্থা অন্যদিনের মতোই ছিল।

৩০ খণ্ডে রবীন্দ্র-রচনাবলী

কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র সৃষ্টিকর্ম নিয়ে ৩০ খ-ে রবীন্দ্র-রচনাবলী প্রকাশ করেছে ঐতিহ্য। এ বিষয়ে ঐতিহ্য প্রকাশনী জানায়, নয় বছর আগে ঐতিহ্য ১৮ খন্ডে  রবীন্দ্র রচনাবলী প্রকাশ করেছিলো। এবার বর্ধিত কলেবরে তা ৩০ খন্ডে প্রকাশিত হলো। ২৪ হাজার টাকা মূল্যের এই রচনাবলী প্রথম এক হাজার জনকে দেয়া হবে ১২ হাজার দুইশ’ টাকায়।

নজরু মঞ্চের চিত্র

মঙ্গলবার মেলার নজরুল মঞ্চে ৬টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এর মধ্যে ইত্যাদি গ্রন্থপ্রকাশের সালেক খোকনের ‘কালপ্রবাহে আদিবাসী’ বইয়ের মোড়ক উন্মোচন করেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল।

এছাড়া মোড়ক উন্মোচন করা হয়- শাহরিয়া আফরোজ পপির ‘প্রশ্ন’, জামান পানাহীর ‘দহনবেলা’, গাজী মুনছুর আজিজের ‘ফাদার মারিনো রিগন’, খ ম রবীনের ‘অসমাপ্ত যাত্রা’ ও আতিকুর রহমান ঘালুর ‘আনিকার জন্য কবিতা’।

নতুন বই

বাংলা একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এদিন মেলায় ৭৫টি নতুন বই আসে। এর মধ্যে গল্পের বই ৭টি, উপন্যাস ১৫টি, প্রবন্ধ ২টি, কাব্যগ্রন্থ ১৮, গবেষণা গ্রন্থ ১টি, ছড়া ১টি, শিশুসাহিত্য ৮টি, জীবনী গ্রন্থ ৬টি, মুক্তিযুদ্ধ ২টি, নাটক ১টি, বিজ্ঞান ২টি, ভ্রমণ ১টি, ইতিহাস ১টি, রাজনীতি ১টি, রম্য/ধাঁধা ২টি, অনুবাদ ১, সায়েন্স ফিকশন ১ এবং অন্যান্য বিষয়ের উপর ৪টি বই প্রকাশিত হয়েছে।

এর মধ্যে মোশতাক আহমেদের ‘এক ঝলক কিংবদন্তি হুমায়ূন আহমেদ’, ঐতিহ্য’র অজয় রায়, শহিদুল ইসলাম, জিয়াউদ্দিন তারেক আলী ও সাইফুর রহমান তারিকের ‘আমরা কী ধরনের শিক্ষা চাই’, মাওলা ব্রাদার্স প্রকাশ করেছে আনোয়ারা সৈয়দ হকের ‘পূর্ণিমায় নখের আঁচড়’, মুক্তধারার মঈনুল আহসান সাবেরের ‘আদমের জন্য অপেক্ষা’, মিজান পাবলিশার্স এনেছে নির্মলেন্দু গুণের ‘স্বনির্বাচিত ১১৫ কবিতা ’, সুলেখা প্রকাশনী প্রকাশ করেছে আসাদ চৌধুরীর ‘বুট জুতো পায়ে বিড়াল, অনুপম প্রকাশনী নিয়ে এসেছে মোহীত উল আলমের ‘নোঙরের শেষ নেই’, শ্রাবণ প্রকাশনী এনেছে ‘বদরুদ্দীন উমর, রচনা সংগ্রহ-২’।

মূল মঞ্চের আয়োজন

পঞ্চম দিনে মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্বারস্বত ড. মুহম্মদ এনামুল হকের সারাৎসার’ শীর্ষক সেমিনার। এতে প্রবন্ধ উপস্থাপন করেন দানীউল হক। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক মনসুর মূসা, জীনাত ইমতিয়াজ আলী এবং রহমান হাবিব। সভাপতিত্ব করেন শামসুজ্জামান খান।

বুধবারের আয়োজন

বুধবার মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘দ্বিজেন্দ্র লাল রায় সার্ধশত জন্মবার্ষিকী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন খালেদ হোসাইন। আলোচনায় অংশ নেবেন মহীবুল আজিজ, লিলি ইসলাম, অধ্যাপক সৌমিত্র শেখর ও শাহাদাৎ হোসেন নিপু।

সভাপতিত্ব করবেন অধ্যাপক সনজীদা খাতুন।