নোয়াখালীতে বাস দুর্ঘটনায় আহত ৩০
নোয়াখালীতে বাস দুর্ঘটনায় অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে মাইজদী শহরে এ দুর্ঘটনায় আহতদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের বরাত দিয়ে সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাত্রীরা গভীর রাতে চাঁদপুর থেকে একটি দরবার শরীফ থেকে ওরস শেষে বাড়ি ফিরছিলেন।
ভোর ৪টার দিকে চাঁদপুর থেকে অন্তত ৪০ জন যাত্রী নিয়ে বাসটি নোয়াখালী সদরের করমুল্যা বাজারের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে যায়।
বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, বলেন পুলিশ কর্মকর্তা।
