২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে রাজশাহীতে সংঘর্ষ, আহত ১৫

রাজশাহীতে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় ২৪ জনকে আটক করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 04:37 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল ও আটক নেতাদের মুক্তির দাবিতে মঙ্গলবার সারা দেশে হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। হরতালের সমর্থনে ভোরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকের সামনে জামায়াত-শিবির কর্মীরা সড়ক অবরোধের চেষ্টা করলে এ সংঘর্ষ হয়।

শিবির কর্মীরা এ সময় ২০টির বেশি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা।

মহানগর পুলিশের সহকারী কমিশনার রোকনুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইসলামী ছাত্রশিবির কর্মীরা অস্ত্র-শস্ত্র নিয়ে সকাল সাড়ে ৭টার দিকে বিনোদপুরে হরতালের সমর্থনে মিছিল বের করে। সেখানে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ এবং হাতবোমার বিস্ফোরণ ঘটায় শিবিরকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ।

সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।

মতিহার থানার ওসি এসএম আব্দুস সোবাহান জানান, সংঘর্ষে শিবিরের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। ঘটনায় জড়িত অভিযোগে ২৪ জনকে আটক করা হয়েছে।

হরতালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো গোলযোগ হয়নি। তবে শিক্ষার্থীদের উপস্থিতি অন্য দিনের তুলনায় কম।