তবুও ‘নিষিদ্ধ বই’ মেলায়
এ বছরের অমর একুশে গ্রন্থমেলার নীতিমালা অনুসারে ডোরেমন, পোকেমনসহ পাইরেটেড বই বিক্রি নিষিদ্ধ থাকলেও মেলার কয়েকটি স্টলে এসব বই বিক্রি করতে দেখা গেছে।
সোমবার মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখা যায়, বেশ কিছু স্টলে বিক্রি হচ্ছে পাইরেটেড বই।
অমর একুশে গ্রন্থমেলা-২০১৩ এর নীতিমালা’১৩ এর ১৩ ধারায় বলা হয়েছে, ডোরেমন, বারবি, পোকেমন, মিষ্টার বিনসহ এ জাতীয় পাইরেটেড বই প্রদর্শন বা বিক্রি করা যাবে না।
মেলায় নিষিদ্ধ হওয়ার পরেও রুপ প্রকাশের স্টলে পাওয়া যাচ্ছে ‘রাতুলের বন্ধু ডোরেমন’ নামের একটি বই।
প্রকাশনা সংস্থাটির মালিক কাজী আব্দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বইটিতে ডোরেমনকে রুপক অর্থে ব্যাবহার করা হয়েছে। এটির একটি চরিত্র ডোরেমন হলেও এটি প্রকৃত অর্থে একটি মৌলিক রচনা।”
বাংলা একাডেমী বললে বইটি সরিয়ে নেয়া হবে বলেও জানান তিনি।
স্টলটির পাশেই হাসি প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে মেলায় নিষিদ্ধ করা ‘মিস্টার বিন’।
ওই স্টলের একজন বিক্রেতা ‘মিস্টার বিন নিষিদ্ধ নয়’ দাবি করলেও নিজের নাম বলতে রাজি হননি।
পাইরেটেডসহ ডোরেমনের বই বিক্রি করতে দেখা যায় জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার স্টলেও।
নিজেদের কোন প্রকাশনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে স্টলের দায়িত্বে থাকা আমিনুল ইসলাম বলেন, “বিএনপিপন্থী বিভিন্ন লেখকদের বই এখান থেকে প্রকাশ হয়েছে।”
ঠাকুমার ঝুলি, ডোরেমনসহ অন্যান্য পাইরেটেড বই কেন?- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বড়দের সাখে ছোটরাও মেলায় আসে তাই এ বইগুলো রাথা হয়েছে।”
এছাড়া পাইরেটেড বইসহ নিম্ন মানের বই বিক্রি করতে দেখা গেছে বর্তমান সময়ের স্টলেও।
মেলার লেখককুঞ্জের পাশের একটি স্টল ‘পরবাসী’ বিক্রি করছে প্রবাসী লেখকদের বই।
ওই স্টলেও প্রচুর পরিমাণে ঠাকুরমা ঝুলি, ভূতের গল্প, টম অ্যান্ড জেরি’র মতো নিম্ন মানের বই দেখা গেছে। এছাড়া পাওয়া গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বইয়ের ফটোকপি।
পরবাসীর বিক্রেতা মোমিনুল ইসলাম বলেন, “প্রবাসী লেখকদের বইগুলো পাঠকদের কাছাকাছি নিয়ে আসতেই আমাদের এই স্টল। আমাদের নিজেদের কোনো প্রকাশনা নেই।”
এ বিষয়ে বইমেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খানের দৃষ্টি আর্কষণ করলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাইরেট ও নেট বইয়ের বিষয়ে আমরা এবার যথেষ্ট কঠোর। মেলার নীতিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”
মঙ্গলবার মেলা পরিচালনা কমিটি বৈঠকে বসে অভিযুক্ত প্রকাশকদের সর্তক করে দেওয়া হবে বলেও জানান তিনি।
প্রকাশনা সংস্থা শ্রাবণের কর্ণধার রবিন আহসান বলেন, “বাংলা একাডেমী প্রকাশকদের কথা দিয়েছিল, তারা এ ধরনের নিষিদ্ধ বই নিয়ন্ত্রণ করবে। কিন্তু তারা এখনো পর্যন্ত স্টলগুলোতে নম্বর লাগাতে ব্যর্থ হয়েছে।”
একাডেমী মেলা থেকে পাইরেটেড বই সরিয়ে নিতে উদ্যোগ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তবে কিছুটা ভিন্নমত রয়েছে এডর্ন পাবলিকেশনসের প্রধান নির্বাহী সৈয়দ জাকির হোসেনের।
তিনি বলেন, “এবারের মেলা শুধুমাত্র প্রকাশকদের নিয়েই। তাই বাংলা একাডেমীর পাশাপাশি তাদেরও কিছু দায়িত্ব রয়েছে। প্রকাশকরাই যদি নিষিদ্ধ বই বিক্রি করে সেটা দুঃখজনক।”
অবশ্য মেলার শিশু কর্নারে অবস্থিত ৩০টি শিশু প্রকাশনার স্টলে কোনো ‘নিষিদ্ধ’ বই দেখা যায়নি।
মোড়ক উন্মোচন
সোমবার মেলার নজরুল মঞ্চে ৬টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয়।
এর মধ্যে নন্দিতা প্রকাশ থেকে প্রকাশিত রায়হানা পারভীন লুনার কাব্যগ্রন্থ ‘জোছনা জলে তুমি আমি’-এর মোড়ক উন্মোচন করেন অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়।
এছাড়া এদিন নজরুল বীক্ষা, অনুরণন, মেঘের পালক, জনপ্রিয় হুমায়ূন আহমেদ ও কৃষকের কাব্য শ্রমিকের গান- এই পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
সোমবারের নতুন বই
বাংলা একাডেমীর সম্বনয় ও জনসংযোগ উপ-বিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, মেলার চতুর্থ দিনে ১১০টি নতুন বই প্রকাশিত হয়েছে।
এর মধ্যে গল্প ১১, উপন্যাস ১৯, প্রবন্ধ ২২, কবিতা ১৯, গবেষণা ২, ছড়া ২, শিশুসাহিত্য ১, জীবনী ৩, মুক্তিযুদ্ধ ২, বিজ্ঞান ২, ভ্রমণ ২, ইতিহাস ২, স্বাস্থ্য ২, রম্য/ধাঁধা ৩, ধর্মীয় ১, অনুবাদ ২, সায়েন্স ফিকশন ১ এবং অন্যান্য ১৪টি বই রয়েছে।
উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে অন্যপ্রকাশ থেকে মোহাম্মদ হাননানের ‘হুমায়ূন আহমেদের ধর্মচেতনা ও মৃত্যুচিন্তা’, আনিসুল হকের ‘ভালোবাসি আশ্চর্য মেঘদল’ ও সুমন্ত আসলামের ‘নিনির সবুজ জ্যোৎস্না’, অনন্যা থেকে এসেছে আনোয়ারা সৈয়দ হকের ‘কিছু কি পুড়ে যাচ্ছে কোথাও’, আগামী প্রকাশনী থেকে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ‘ছেলেদের মহাভারত’, হাসনাত আবদুল হাইয়ের ‘ইউটোপিয়া’ ও সৈয়দ আবুল মকসুদের ‘ভাষানী কাহিনী’, প্রতীক থেকে মুহম্মদ জাফর ইকবালের ‘সায়েন্স ফিকশান সমগ্র’, সুবর্ণ প্রকাশনি থেকে মুনতাসীর মামুনের ‘বীরাঙ্গনা ১৯৭১’, অ্যাডর্ন পাবলিকেশন থেকে সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামানের ‘সোসাইটি অ্যান্ড পলিটিকস অব বাংলাদেশ’, হাসমত উল্লাহর লেখা ‘মুক্তিযুদ্ধে আমি এবং আমার সময়’।
সেমিনার
সোমবার মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘প্রযুক্তি বিপ্লব ও মুদ্রিত বইয়ের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার। এতে প্রবন্ধ উপস্থাপন করেন প্রকাশক করুনাংশু বড়ুয়া। আলোচনায় অংশ নেন বিশিষ্ট তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার, কবি অসীম সাহা ও কবি মজিদ মাহমুদ।
সেমিনারে সভাপতিত্ব করেন, মিনেসেটো ও শিকাগো বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. শামসুল বারি।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী মুস্তফা ওয়ালীদ ও ডালিয়া আহমেদ। সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী নাশিদ কামাল, ইয়াকুব আলী খান, ইয়াসমিন মুশতারী এ. কে এম শাহীদ কবীর পলাশ, প্রিয়াংকা গোপ, নাসিমা শাহীন ফেন্সী এবং রাজিয়া সুলতানা মুক্তি।
মঙ্গলবার মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্বাস্বত ড. মুহম্মদ এনামুল হকের সাক্ষাৎকার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন মহাম্মদ দানীউল হক। আলোচনায় অংশ নেবেন মনসুর মুসা, জীনাত ইমতিয়াজ আলী ও রহমান হাবিব। সভাপতিত্ব করবেন মুস্তাফা নূরউল ইসলাম। সন্ধ্যায় পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
