২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ মামলা থেকে বাঁচতে পাল্টা ছিনতাই মামলা

গাজীপুর সদর উপজেলায় এক মুক্তিযোদ্ধার বাক্প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের ঘটনায় তার মা বাদি হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 06:37 PM

Updated : 25 Apr 2022, 06:20 PM

এদিকে ধর্ষণের মামলা থেকে রেহাই পেতে প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় উল্টো বাদিদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় ছিনতাই মামলা দায়ের করেছে অভিযুক্ত তৌহিদুল ইসলামের বড় ভাই আশরাফুল আলম।

ধর্ষিতার পরিবার ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুর সদর উপজেলার পূর্ব চান্দনা এলাকার এক মুক্তিযোদ্ধার প্রতিবন্ধী মেয়ে (২৫) প্রশিক্ষণ নিয়ে বাসার পাশে কাপড় সেলাইয়ের দোকান দেয়। একই এলাকার মতিউর রহমানের ছেলে বখাটে তৌহিদুল ইসলাম কৌশলে ওই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে।

পরবর্তীতে বখাটে তৌহিদ ইংরেজীতে লেখা একটি ঠিকানার উপরে নিজের ও ওই মেয়ের ছবি লাগিয়ে সেটিকে বিয়ের কাবিননামা দাবি করে তাদের মধ্যে দৈহিক সম্পর্ক গড়ে তুলে। মেয়েটি প্রতারণার বিষয়টি প্রথমে বুঝতে পারেনি। এরই মধ্যে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি উভয় পরিবারের মধ্যে জানাজানি হয়।

তৌহিদকে বিয়ের জন্য চাপ দিলে সে গর্ভপাতের শর্তে বিয়েতে রাজি হয়। পরে গোপনে গাজীপুর শহরের একটি ক্লিনিকে স্ত্রী পরিচয় দিয়ে গত ২১ নভেম্বর মেয়েটির গর্ভপাত করানো হয়।

গর্ভপাতের পর তাকে বিয়ে না করে তৌহিদ নানা টালবাহানা শুরু করে।

এ ঘটনায় প্রতিবন্ধীর ওই তরুণীর মা গত ২৫ জানুয়ারি তৌহিদুল ইসলাম ও তার ৩ সহযোগীকে আসামী করে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন।

নির্যাতিত মেয়েটির পরিবার অভিযোগ করেছে, ধর্ষণের মামলা থেকে বাঁচতে বখাটে তৌহিদ স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় তার বড় ভাই আশরাফুল আলমকে দিয়ে উল্টো ওই তরুণীর তিন ভাইয়ের বিরুদ্ধে তৌহিদকে মারধর ও টাকা ছিনতাইয়ের মামলা দিয়ে এলাকা ছাড়া করেছে। এছাড়া ধর্ষণ মামলা তুলে নিতে আসামীরা দিন-রাত হুমকিও দিচ্ছে।

ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হামিদ জানান, প্রতিবন্ধী মেয়েটির মেডিক্যাল পরীক্ষায় এবং প্রাথমিক তদন্তে ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। মামালার প্রধান আসামী তৌহিদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।