আমিরাতে দুর্ঘটনায় নিহত ১৬ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ বাংলাদেশি নিহত হয়েছেন।
বাহরাইনে অগ্নিকাণ্ডে ১৩ বাংলাদেশির প্রাণহানির এক মাসের মধ্যে আবুধাবীতে সোমবার এই দুর্ঘটনা ঘটল।
আল আইন শহরে সময় সকাল ৮টার (বাংলাদেশ সময় ১০টা) দিকে এই বাস দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আমিরাতে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার অফিসার (শ্রম) লেফটেন্যান্ট কমান্ডার লতিফুল হক কাজমী।
তিনি ১৬ বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এর মধ্যে নয়জনের পরিচয় জানা গেছে।
তারা হলেন- মোতালেব হোসেনের ছেলে আলাউদ্দিন, নজির আলীর ছেলে সিরাজুল ইসলাম, ওয়াজেদ আলীর ছেলে ওয়াসির আলী, বোরহান উদ্দিন, আনোয়ারুল আলমের ছেলে নুরুল আলম, শাজাহান মোল্লা, মনির হোসেনের ছেলে ফারুক হোসেন, কাশেম কবিরাজের ছেলে জয়নাল আলী, সুন্দর আলীর ছেলে আনোয়ার হোসেন।
লেফটেন্যান্ট কমান্ডার কাজমী টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহত ২২ জনের মধ্যে আর কোনো বাংলাদেশি রয়েছে কি না, তা সনাক্ত করার চেষ্টা চলছে।”
তিনি জানান, দুর্ঘটনায় নিহত ২২ জনের মধ্যে ১৭ জনের জাতীয়তা জানা গেছে। সনাক্ত হওয়া অন্যজন ভারতীয়।
আহত ৩৬ জনের পরিচয় এখনো জানা যায়নি বলে দূতাবাস কর্মকর্তা জানান।
কাজমী বলেন, বালিভর্তি ট্রাক এবং শ্রমিকদের বহনকারী বাসের সংঘর্ষে এই ঘটে।
লাশগুলো আল আইন হাসপাতাল মর্গে রয়েছে বলেও তিনি জানান।
প্রধানমন্ত্রীর শোক
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদশিদের প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, শেখ হাসিনা নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
