পুরান ঢাকায় পরিবহন কর্মচারী খুন
পুরান ঢাকার চকবাজারে এক পরিবহন কর্মচারীকে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের খলিলুর রহমান (৩৫) ফাল্গুন পরিবহনের সুপারভাইজার ছিলেন। তার গ্রামের বাড়ি বাগেরহাটের সরনখোলার রাজৈর এলকায়।
সোমবার ভোরে চকবাজার থানার হরণাথ ঘোষ রোড থেকে পুলিশ খালিলের রক্তাক্ত লাশ উদ্ধার করে।
চকবাজার থানার ওসি মোহাম্মদ আলী জানান, নিহতের পকেটে একটি মোবাইল ফোন সেট ও দুই হাজার ৬ শ’ টাকা ছিল। ছিনতাইয়ের উদ্দেশ্যে তার ওপর হামলা হয় বলে ধারণা করছে পুলিশ।
খলিলের শরীরের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
নিহতের স্ত্রী নার্গিস বেগম পুলিশকে বলেছেন, ভোরে সায়েদাবাদে কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হন খলিল। পরে তিনি স্বামীর মৃত্যুর খবর পান।
খলিলের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
