২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত কর্মকর্তার আদালত ‘অবমাননা’

আদালত সম্পর্কে ‘অবমাননাকর’ লেখার ব্যাখ্যা দিতে সু্প্রিম কোর্টের সাবেক নিবন্ধক ও সাবেক জেলা জজ ইকতেদার আহমেদকে তলব করেছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 01:33 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

একটি আবেদনের প্রাথমিক শুনানি করে রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ তাকে তলব করে।

ইকতেদার আহমেদকে আগামী ১০ ফেব্রুয়ারি আদালতে হাজির হয়ে নিজের লেখার বিষয়ে ব্যাখ্যা দিতে হবে, যা ‘দৈনিক নিরপেক্ষ’ নামে একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে।

তলবের পাশাপাশি একটি রুলও দিয়েছে হাই কোর্ট। সুপ্রিম কোর্টের সাবেক নিবন্ধকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

আগামী ১০ দিনের মধ্যে ইকতেদার আহমেদকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ড. তারেক এম আর চৌধুরী সকালে আদালত অবমাননার আবেদনটি দাখিল করেন।

আদালতে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্টি জেনারেল অমিত তালুকদার।

Image
গাজীপুরকে সিটি কর্পোরেশন ঘোষণা কেন নয়: হাই কোর্ট

গাজীপুরকে সিটি কর্পোরেশন ঘোষণা কেন নয়: হাই কোর্ট

‘আইন ও বিচার, বিচারপ্রার্থীর সাংবিধানিক অধিকার, আমরা’ স্লোগানে প্রকাশিত ‘দৈনিক নিরপেক্ষ’-এ ‘বেপরোয়া লোভ-লালসা, অন্যায় আচরণ রোধ এবং আইনের যথাযথ প্রয়োগ’ শিরোনামে একটি নিবন্ধ লিখেছিলেন ইকতেদার।

এতে লেখক বলেন, “বর্তমানে নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত আমরা আমাদের বিচারকদের কাছ থেকে যে সকল সিদ্ধান্ত পাচ্ছি। তাতে কি পক্ষদ্বয়ের সন্তুষ্টিতে ন্যায় বিচার সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে?”

“এখানেও দেখা যাচ্ছে বিচারিক সিদ্ধান্ত সমাজের একটি বৃহত্তর অংশকে হতাশাগ্রস্ত করছে। বিচারিক সিদ্ধান্ত দ্বারা সমাজের বৃহত্তর অংশ আশান্বিত ও সন্তুষ্ট হতে না পারলে আস্থার সঙ্কট দূরীভূত হবে না। আর আস্থার সঙ্কট দূরীভূত করার জন্য প্রয়োজন সৎ, দক্ষ, যোগ্য, নিরপেক্ষ ও মেধাবীদের সমন্বয়ে আদালত সমূহের পরিচালন।”

“বর্তমানে উচ্চ আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দেওয়ায় এক কথায় বলতে গেলে সৎ, দক্ষ, যোগ্য, নিরপেক্ষ ও মেধাবীরা নিয়োগ বঞ্চিত হচ্ছে।”

“এভাবে দলীয় বিবেচনায় নিয়োগের কারণে বিচারিক সিদ্ধান্তে দলীয় ভাবধারা প্রতিফলিত হচ্ছে। নিম্ব আদালতের বিচারকদের মধ্য হতে উচ্চ আদালতের বিচারক নিয়োগকালেও দেখা গেছে জ্যেষ্ঠতা, সততা, দক্ষতা ও মেধাকে মূল্যায়ণ না করে দলীয় আনুগত্যকে প্রাধান্য দেয়া হচ্ছে।”

ইকতেদার আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের আমলে সুপ্রিম কোর্টের নিবন্ধক ছিলেন। পরে তিনি মজুরি বোর্ডের চেয়ারম্যান হন।

সুপ্রিম কোর্টের অনেক সাবেক নিবন্ধকই পরে হাই কোর্টের বিচারক হয়েছিলেন, যাদের অনেকে এখনো সুপ্রিম কোর্টে বিচারক হিসাবে কর্মরত আছেন।