ফরিদপুরে অপহৃত, উদ্ধার বাগেরহাটে
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা থেকে অপহৃত এক মাদ্রাসা ছাত্রকে শুক্রবার বাগেরহাট থেকে উদ্ধার করেছে পুলিশ।
এ সময় কামরুজ্জামান মোল্লা (৩৮) নামে এক জনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
শনিবার আদালতে হাজির করলে কামরুজ্জামানকে জেল হাজতে পাঠানো হয়।
বৃহস্পতিবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলা থেকে আল-আমীনকে (৮) অপহরণ করে দুর্বৃত্তরা। আল-আমিন উপজেলার উমরনগর নদীয়ার চাঁদ প্রি-ক্যাডেট মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র।
বোয়ালমারী থানার ওসি রুহুল আমিন বলেন, বৃহস্পতিবার সকালে মাদ্রাসা যাওয়ার পথে কামরুজ্জামান কৌশলে আল-আমীনকে অপহরণ করে। পরে আল-আমীনের মা হাসনাহেনার কাছে ফোনে পাঁচ লাখ টাকা দাবি করেন কামরুজ্জামান।
ওইদিনই সন্ধ্যায় হাসনাহেনা বোয়ালমারী থানায় একটি অপহরণ মামলা করেন।
ওসি আরো বলেন, অপহরণকারীর মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বাগেরহাটের মোল্লাহাট ব্রিজ এলাকা থেকে আল-আমীনকে উদ্ধার এবং কামরুজ্জামানকে গ্রেপ্তার করে বোয়ালমারী থানা পুলিশ।
