২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ছাত্রীকে হয়রানি, সড়ক অবরোধ

স্কুলছাত্রীকে ইটভাটি শ্রমিকদের যৌন হয়রানির প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয়রা।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2013, 11:22 AM

Updated : 23 Aug 2022, 10:08 AM

মহাসড়কে সদর উপজেলার নছরতপুরে শনিবার দুপুরে এ মানববন্ধনে এলাকাবাসীর সঙ্গে ১০টি স্কুলের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়।

মানববন্ধন শেষে মহাসড়ক অবরোধ ও সমাবেশ করা হয়।

এ ঘটনায় মামলা করার পর উত্ত্যক্তকারীদের হুমকির কারণে মেয়েটির বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে গেছে বলে সমাবেশে অভিযোগ করা হয়।

কাজী তাজুল ইসলাম ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবিদুর রহমান, শায়েস্তাগঞ্জ থানার ওসি নিজাম উদ্দিন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সৈয়দ গাজীউর রহমান, একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর ফারুক তালুকদার, আওয়ামী লীগ নেতা হোসাইন আহমদ জজ মিয়া, জাতীয় দলের সাবেক ফুটবলার মোক্তার হোসেন প্রমুখ।

বক্তারা ৪৮ ঘন্টার মধ্যে দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানান।

নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর ফারুক তালুকদার বলেন, তার বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে নানাভাবে যৌন হয়রানি করছে এলাকার একটি ইটভাটির কয়েকজন শ্রমিক।

এ কারণে ওই ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, এ ব্যাপারে ছাত্রী বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় ৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। কিন্তু শ্রমিকরা পাশের একটি প্রভাবশালী গ্রামের দাঙ্গাবাজ হওয়ায় ওই ছাত্রীর পরিবারটি আতঙ্কে রয়েছে।