‘সরকারের মধ্যে বিশ্ব ব্যাংকের লোক!’
সরকারের মধ্যে থাকা ‘বিশ্ব ব্যাংকের লোকেরা’ প্রধানমন্ত্রীকে ‘বিভ্রান্ত’ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দপ্তরবিহীন মন্ত্র্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বলেছেন, “সরকারের মধ্যেই কিছু লোক আছে, যারা বিশ্ব ব্যাংকবিলাসী। তারা মনে করে, বিশ্ব ব্যাংকের অর্থায়নেই এটা হওয়া উচিত। তা না হলে ‘হ্যাভেন উইল ফল’ হয়ে যাবে। তারা মনে করে বিশ্ব ব্যাংক দুনীর্তির ঊর্ধ্বে।”
বিশ্ব ব্যাংকের ঋণে পদ্মা সেতু নির্মাণ না করার সিদ্ধান্ত সরকার নেয়ার পর একথা বলেছেন সহকারীর অর্থ কেলেঙ্কারিতে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে পদত্যাগী সুরঞ্জিত।
বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি পদ্মায় সেতু নির্মাণ। তবে দুর্নীতির অভিযোগ তুলে ঋণদাতা প্রধান সংস্থা বিশ্ব ব্যাংক অর্থায়ন ঝুলিয়ে দেয়ার পর এই প্রকল্প আটকে যায়।
সুরঞ্জিত সেনগুপ্ত
শনিবার সকালে পটুয়া কামরুল হাসানের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি।
নিজস্ব দুনীর্তির কারণে অনেক দেশ থেকেই বিশ্ব ব্যাংককে সরে আসতে হয়েছে উল্লেখ করে সুরঞ্জিত বলেন, “আমাদের দেশের অনেক বুদ্ধিজীবী আছেন, যারা বিশ্ব ব্যাংকের প্যানেলে আছে।”
তিনি বলেন, “এ প্যানেলে থেকে স্বাধীন দেশের মানুষের অনুভূতির পক্ষে কথা বলা কঠিন। আমাদের সরকারের মধ্যেও এ ধরনের লোক আছে, তারাই প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত করেছে। কিন্তু আর বিভ্রান্ত নয়, এখন আমাদের এগিয়ে যেতে হবে।”
পদ্মা সেতুতে দেয়ার মতো অর্থ বেসরকারি খাতের রয়েছে দাবি করে সুরঞ্জিত বলেন, “প্রয়োজনে সেতুর বাহুল্যতা কমিয়ে শুধু একটি সেতু করা যেতে পারে।”
পদ্মা সেতুর বিষয়ে বিরোধী দলকে সরকারকে সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এটা জাতীয় সম্মানের প্রশ্ন। জাতীয় ঐক্যের দরকার।”
