মানিকগঞ্জে বাস-টেম্পো সংঘর্ষে নিহত ৭
মানিকগঞ্জের ঘিওরে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের সঙ্গে টেম্পোর সংঘর্ষে সাতজন নিহত হয়েছে।
শনিবার দুপুরের এই দুর্ঘটনায় আরো সাতজন আহত হন বলে পুলিশ জানিয়েছে।
নিহত সবাই টেম্পোর যাত্রী। তাদের সবার বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় কালিয়াকৈর গ্রামে।
নিহতরা হলেন- কমল সরকারের স্ত্রী মনোয়ারা বেগম (৫৫), সোনামুদ্দিনের ছেলে মোহন মিয়া (৫২), মৃত রফিজ উদ্দিনের স্ত্রী জহুরা বেগম (৬৫), আবদুর রহমানের স্ত্রী জাহানারা বেগম (৫৮), গেদু মিয়ার স্ত্রী নূরজাহান বেগম (৪৫), গোলাম রব্বানীর স্ত্রী শাহাতন বেগম (৪৮) এবং আফাজউদ্দিনের মেয়ে রোকেয়া বেগম (৩৫)।
ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, দুপুর ১২টার দিকে ঢাকাগামী সোহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতগামী টেম্পোটি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় টেম্পোর পাঁচ যাত্রী ঘটনাস্থলে মারা যায়। হাসপাতালে নেয়ার পথে মোহন এবং চিকিৎসাধীন অবস্থায় রোকেয়া মারা যান।
আহত সাত টেম্পোযাত্রীকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। তিনজনের অবস্থা গুরুতর বলে তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
মহাসড়ক পুলিশের বরঙ্গাইল ফাঁড়ির কর্মকর্তা এসআই ইকবাল বাহার সাংবাদিকদের বলেন, সৌহার্দ্য পরিবহনের ওই বাসটি দুর্ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে মহাসড়কে রেখে চালক পালিয়ে যায়।
পুলিশ ওই বাসটি আটক করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
