২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাটিরাঙ্গায় পাহাড়ি বসতিতে হামলার তদন্ত দাবি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইটভাটি শ্রমিক হত্যার জেরে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2013, 09:34 AM

Updated : 23 Aug 2022, 10:08 AM

সেইসঙ্গে হতাহত ও ক্ষতিগ্রস্তদের যথাযথ পুনর্বাসনও দাবি করেছে পাহাড়ের এই সংগঠনটি।

শনিবার সকালে জেলা শহরের উপজাতীয় ঠিকাদার সমিতি হলে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ দাবি উত্থাপন করেন ইউপিডিএফ’র সংগঠক রিকো চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য জিকো ত্রিপুরা।

সংগঠনটির পক্ষ থেকে পাহাড়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে পার্বত্য চট্টগ্রামের জন্য পাহাড়ি-বাঙালি সমন্বয়ে মিশ্র পুলিশ বাহিনী গঠনেরও দাবি জানানো হয়।

গত ২৫ জানুয়ারি মাটিরাঙ্গায় একটি ইটভাটিতে দুর্বৃত্তের গুলিতে এক শ্রমিক নিহত এবং আরেক শ্রমিক ও ব্যবস্থাপক আহত হন।

ইউপিডিএফ এর অভিযোগ, ওই হত্যাকাণ্ডের জেরে ওইদিনই উপজেলার হরিধন মগপাড়া ও হেমঙ্গ কার্বারীপাড়ায় দুইটি বাড়িতে অগ্নিসংযোগ এবং ৩৪টি বাড়িতে লুটপাট ও ভাংচুর করা হয়।

এছাড়া হরিধন মগপাড়ায় জিতাসুখা বৌদ্ধ বিহারে হামলা চালানো হয় বলেও অভিযোগ করেন ইউপিডিএফ নেতারা।

লিখিত বক্তব্যে ইটভাটিতে শ্রমিক হতাহতের ঘটনায় তাদের সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে হতাহতের ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অভিযুক্তদের বিচার দাবি করা হয়।

এছাড়া এর জেরে হামলায় ক্ষতিগ্রস্তদের যথাযথ পুনর্বাসন এবং পাহাড়িদের নিরাপত্তার জন্য সরকারি উদ্যোগও দাবি করেন তারা।

এদিকে এক বিবৃতিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের আহবায়ক আবদুল মজিদ বলেন, সন্ত্রাসীদের আতংকে মাটিরাঙ্গার বটতলী গ্রাম শূন্য হয়ে পড়েছে।

তিনি বাঙালিদের নিজ গ্রামে ফিরিয়ে নিতে প্রশাসনের হস্তক্ষেপ এবং এলাকায় সেনা ক্যাম্প স্থাপনের দাবি জানান।