তিন জেলায় দুর্ঘটনায় নিহত ৫
পাবনা, কক্সবাজার ও নওগাঁয় শনিবার সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১২ জন।
পাবনায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুজন, নওগাঁয় ট্রাকচাপায় দুজন এবং কক্সবাজারে মিনিট্রাক চাপায় এক নারী নিহত হন।
পাবনার দুর্ঘটনাটি ঘটে সকাল সাড়ে ৮টার দিকে জালালপুর ধোপাঘাটা সড়কে।
নিহতরা হলেন- পাবনা প্যারামেডিক কলেজের ছাত্র ইমরান হোসেন (২০) ও অটোরিকশা চালক সদর উপজেলার নাজিরপুর গ্রামের ভাদু প্রামানিক (৫০)।
পাবনা সদর থানার ওসি জসিম উদ্দিন সরকার জানান, অটোরিকশাটি সাঁথিয়া থেকে পাবনা শহরে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা রাস্তা মেরামত কাজে নিয়োজিত একটি ট্রাকের সঙ্গে এর সংঘর্ষ হয়।
ইমরান ও চালক ভাদু প্রামাণিক ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ জানায়।
নওগাঁ-নজিপুর আঞ্চলিক সড়কে বাগাচারা মহেষ পুকুরপাড় এলাকায় ইঞ্জিন চালিত ভটভটির দুই আরোহী ট্রাকচাপায় নিহত হন।
নিহতরা হলেন- সদর উপজেলার কেশবপুর গ্রামের তছলিম উদ্দীন (৩০) এবং একই গ্রামের আবুল হোসেন (২৫)।
এই ঘটনায় মহাদেবপুর থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন মহাদেবপুর থানার ওসি আব্দুর রশীদ।
কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার এলাকায় একটি মিনিট্রাকের (ডাম্পার) চাপায় মছুদা বেগম (৬৫) নামের এক নারী নিহত হন।
নিহত মছুদা সদর উপজেলার ঘোলারপাড়া এলাকার বাসিন্দা।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি মিনিট্রাক পথচারী মছুদাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
