জালনোট তৈরির অভিযোগে দুই বিদেশিসহ গ্রেপ্তার ৫
জালনোট তৈরি ও প্রতারণার অভিযোগে দুই বিদেশি নাগরিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪৫ হাজার ৮০০ ইউএস ডলার ও ১২ হাজার ৫০০ ইউরোর জালনোট, একটি প্রিন্টার এবং দুটি ল্যাপটপসহ জালনোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম।
এরা হলো- দক্ষিণ আফ্রিকার নাগরিক জিংগে ফিলিক্স সিফু (৩৫), ক্যামেরুনের সামজেলা ক্রিস (৩৪), স্টিফেন লুক (৪০), গোলাম কিবরিয়া (৩৫) ও ইউসুফ আলী (৩৫)। নাম দেখে স্টিফিন লুককে বিদেশি মনে হলেও তার বাড়ি গোপালগঞ্জ।
শুক্রবার রাতে গুলশানের নিকেতন আবাসিক এলাকার ৪ নম্বর রোডের ৬৯ নম্বর বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রথমে স্টিফেন লুককে আটক করে তার সহযোগিতায় গোলাম কিবরিয়া ও ইউসুফকে আটক করা হয়। এরপর নিকেতন থেকে জিংগে ফিলিক্স সিফু ও সামজেলা ক্রিসকে ধরা হয়।
বাসা ভাড়া নিয়ে ডলার ও ইউরোর জাল নোট তৈরি করে লুক, কিবরিয়া ও ইউসুফের সহায়তায় তারা ঢাকা শহরের বিভিন্নস্থানে বিক্রি করতো বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে সিফু ও সামজেলা।
গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, সংঘবদ্ধচক্র এই চক্রটি দীর্ঘদিন ধরে প্রতারণার সঙ্গে যুক্ত। বিদেশ পাঠানোর নাম করে সম্প্রতি তারা লন্ডনফেরত এক বাংলাদেশির কাছ থেকে সাত লাখ টাকা আত্মসাৎ করে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
