২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘চট্টগ্রাম বন্দরের দক্ষতা অনেকগুণ বেড়েছে’

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সফররত মহাপরিচালক প্যাস্কেল ল্যামি বলেছেন, চট্টগ্রাম বন্দর দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক ও আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে একটি ‘কার্যকর বন্দরে’ পরিণত হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2013, 05:47 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

শুক্রবার বিকালে বন্দরনগরীর একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ল্যামি বলেন, “গত কয়েক বছরে চট্টগ্রাম বন্দরের দক্ষতা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে এ বন্দর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্যে কন্টেইনার উঠা-নামার ক্ষেত্রে কার্যকর হিসেবে বিবেচিত হচ্ছে।”

বন্দরকে আরও গতিশীল করতে কন্টেইনার উঠা-নামার ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন ডব্লিউটিও মহাপরিচালক।

তিনি বলেন, বাংলাদেশের প্রায় ৯০ শতাংশ আমদানি- রপ্তানি বাণিজ্য চট্টগ্রাম বন্দর দিয়ে সম্পন্ন হচ্ছে। এ বন্দরের অবস্থানগত কারণে বাংলাদেশের আশপাশের অন্যান্য দেশের আমদানি- রপ্তানি বাণিজ্যে এ বন্দরকে ব্যবহারের সুযোগ রয়েছে।

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, ব্যবসা-ব্যাণিজ্যের ক্ষেত্রে বন্দর শুধু সুযোগ- সুবিধা প্রদানই করে না। এটি বাণিজ্যকে সম্প্রসারিতও করে থাকে।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে মতবিনিময় সভার আগে দুপুরে প্যাস্কেল ল্যামি বন্দরের বিভিন্ন চ্যানেল পরিদর্শন করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অমিতাভ চক্রবর্তী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, সহ সভাপতি মাহবুবুল আলম প্রমুখ।