মির্জাপুরে বিএনপির সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
জেলার মির্জাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
এলাকায় আধিপত্য বিস্তার ও একই স্থানে সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে দলের প্রভাবশালী দুই নেতা ফিরোজ হায়দার খান ও শাহ আলম সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
এ সময় তারা পরস্পরের অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে। সংঘর্ষ এড়াতে গোড়াই শিল্পাঞ্চলে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে মির্জাপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আরো জানান, বিকালে গোড়াই ইউনিয়নের সৈয়দপুর এলাকায় বিএনপির টাঙ্গাইল জেলা শাখার সদস্য ফিরোজ হায়দার খানকে সভাপতি করে শ্রমিক দল কর্মীসভা আহবান করে।
এ খবর পেয়ে গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম একই এলাকায় ওয়ার্ড বিএনপির পরিচিতি সভা ডাকেন। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও থানা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
বিকাল চারটার দিকে ফিরোজ হায়দারের সমর্থকরা ৪০/৪৫ টি মোটর সাইকেলের শোভাযাত্রা নিয়ে সোহাগপাড়া এলাকায় গেলে শাহ আলমের লোকজন তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে ।
এতে যুবদল নেতা শামিম রেজা শামিম, মাজাহারুল ইসলাম মাজু ও জয়নাল আবেদীনসহ ৬ জন আহত হন। এই ঘটনার পর প্রতিপক্ষের নেতাকর্মীরা হাটুভাংগা এলাকায় বিএনপি নেতা শাহ আলমের অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে।
পরে শাহ আলমের নেতৃত্বে তার সমর্থকরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ফিরোজ হায়দারের সমর্থকদের উপর হামলা এবং বিএনপি অফিস দখলের চেষ্টা করে। এ সময় প্রতিপক্ষ পাল্টা হামলার চেষ্টা করলে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ফিরোজ হায়দার খান বলেন, “বিএনপির নাম ভাঙ্গিয়ে শাহ আলম ও তার লোকজন আমার কর্মীদের উপর হামলা চালিয়েছে।”
এদিকে শাহ আলম এ অভিযোগ অস্বীকার করে বলেন, “ফিরোজ হায়দার খানের বাহিনী আমার অফিস ভাংচুর করেছে এবং আমার ৬/৭ জন কর্মীকে মারধর করেছে।”
