দস্যুতা বন্ধ না হলে সাগরে ট্রলার যাবে না
বঙ্গোপসাগরে অব্যাহত জলদস্যুতার প্রতিবাদে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট ডেকেছেন কক্সবাজারের মাছধরা ট্রলার মালিকরা।
কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির নেতারা বলেছেন, জলদস্যুতা ঠেকাতে প্রশাসন কার্যকর উদ্যোগ না নিলে শনিবার থেকে জেলেরা ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যাবেন না।
কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বঙ্গোপসাগরে জলদস্যুদের তৎপরতা ব্যাপক বেড়েছে। বঙ্গোপসাগরের কক্সবাজার নিকটবর্তী এলাকায় ‘চিহ্নিত’ ২০ জলদস্যুর নেতৃত্বে এসব হচ্ছে। দস্যূরা সাগরে লুটপাট, হত্যা, ছিনতাই শুরু করেছে।
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, গত ১ মাসে সাগরে অর্ধশতাধিক ফিশিং ট্রলারে ডাকাতি হয়েছে। এসব ঘটনায় শতাধিক মাঝি-মাল্লা আহত হন। নিখোঁজ রয়েছেন ৪০ জনের মতো জেলে।
মুজিবুর রহমান আরো বলেন, এ পরিস্থিতিতে গত ২৭ জানুয়ারি কক্সবাজারের জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করে জেলা ফিশিং বোট মালিক সমিতি। এতে ‘চিহ্নিত’ ওই ২০ জলদস্যুর নাম-ঠিকানা উল্লেখ করা হয়।
“কিন্তু এরপরও প্রশাসন কার্যকর কোন প্রদক্ষেপ নেয়নি। ফলে শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য নৌধর্মঘট ঘোষণা করা হয়েছে।”
কক্সবাজার বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ জানান, বঙ্গোপসাগরের কক্সবাজার-মহেশখালির মাঝামাঝি এলাকায় ২৬ জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে ফিশিং ট্রলারে ডাকাতি হয়েছে। ২৬ জানুয়ারি কক্সবাজার শহরের আবু সুলতানের মালিকানাধীন ‘এফবি ছেনুয়ারা-২’ নামের ট্রলারসহ ১৭ মাঝি-মাল্লা নিখোঁজ হন। রাতে গুলিবিদ্ধ ৬ জেলেকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে ১১ মাঝি-মাল্লা। একই সময় শহরের নজরুল ইসলামের মালিকানাধীন ‘এফবি গ্লোব’ ফিশিং ট্রলারসহ ১৭ মাঝি-মাল্লা নিখোঁজ হন। পরে এসব মাঝি-মাল্লারা ট্রলার নিয়ে ফিরলেও ওই ট্রলারের ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে। এর পরের দিন ২৭ জানুয়ারি আরো ৭ টি ফিশিং ট্রলারে ডাকাতি হয়েছে। এতে ‘এফবি সাগর’ এর ১৭ মাঝি-মাল্লা নিখোঁজ রয়েছেন
