‘পরাভব মানিনি, মানব না’
যে বাঙালি জাতি মায়ের ভাষার অধিকার রক্ষায় রক্ত দিয়েছে, তারা কোনো কিছুতেই হার মানবে না বলে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা বাঙালি পরাভব মানিনি, পরাভব মানি না, আমরা পরাভব মানব না।”
“আমরা রক্ত দিয়ে মাকে মা বলার অধিকার অর্জন করেছি”, বলেন তিনি।
মাসব্যাপী এই মেলার উদ্বোধন ঘোষণা করে শেখ হাসিনা বলেন, “এই গ্রন্থমেলা সুন্দর হোক, উন্নতমানের বইয়ে সমৃদ্ধ হোক এবং নতুন প্রজন্ম বাংলা গ্রন্থপাঠে উদ্বুদ্ধ হোক।”
উদ্বোধনের পরপরই বইপ্রেমীদের জন্য মেলার প্রধান দুই ফটক খুলে দেয়ার কথা।
প্রকাশকদের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে এ বছরই প্রথম শুধু প্রকাশকদের নিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে মাসব্যাপী এই মেলা হচ্ছে। অমর একুশে গ্রন্থমেলার ৩৫তম আয়োজন এটি।
এবারের মেলা উৎসর্গ করা হয়েছে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদকে, গত কয়েক দশক ধরে প্রতি মেলাতেই যার বই বিক্রির তালিকায় শীর্ষ স্থান দখল করে রাখত।
বিভিন্ন কারণে বই মেলায় নিয়মিত আসতে না পারায় দুঃখ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, “এই বই মেলা কবি, লেখক ও পাঠকদের বিরল সুযোগ এনে দেয়। আমার দুঃখ এই সুযোগটা এখন আর আমি পাই না। আগে নিয়মিতই আসতাম। এখন আর পারি না”
প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই এই বই মেলার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “একুশ বাঙালি জাতির চেতনার উৎস।একুশ আমাদের গৌরব। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাঙালির আত্মত্যাগের এক বীরত্ব কাহিনী।”
“এ গৌরবকে বিকশিত করা, নতুন প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দেয়া এবং বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশের লক্ষ্যেই প্রতি বছর এ মেলার আয়োজন করা হচ্ছে।”
মায়ের ভাষাকে মর্যাদার আসনে বসাতে যারা জীবন দিয়েছেন তাদের স্মরণ করে শেখ হাসিনা বলেন, “রাষ্ট্রভাষা বাংলা চাই- এ দাবিটি পাকিস্তানের গণপরিষদ অধিবেশনে প্রথম তুলেছিলেন কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত ১৯৪৮ সালের ফেব্রুয়ারিতে। তাঁর প্রস্তাব অগ্রাহ্য হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগ ও তমদ্দুন মজলিসসহ ছাত্র সমাজ যৌথভাবে ‘রাষ্ট্রভাষা বাংলা সংগ্রাম পরিষদ’ গঠন করে। ১১ মার্চকে ‘বাংলা ভাষা দাবি দিবস’ ঘোষণা করা হয়।”
মাতৃ ভাষার দাবিতে ১৯৪৮ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর কয়েকদফা গ্রেপ্তার হওয়ার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “ভাষা আন্দোলনের এ সাফল্যই বাঙালি জাতিকে স্বাধীনতার আন্দোলন গড়ে তুলতে অনুপ্রাণিত করে।”
মাতৃ ভাষার জন্য বঙ্গবন্ধুর বিভিন্ন পদক্ষেপ বর্ণনা করে বঙ্গবন্ধু কন্যা বলেন, “জাতির পিতা স্বাধীনতার পর বাংলাকে বিশ্ব অঙ্গনে নিয়ে যান। তিনি ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন। বাংলাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আমিও ৯৬ সরকারের সময় এবং এবার জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছি।”
বঙ্গবন্ধুর উৎসাহে বাংলা একাডেমীর ১৯৭৪ সালে প্রথম জাতীয় সাহিত্য সম্মেলন আয়োজন করার কথাও স্মরণ করেন শেখ হাসিনা।
এছাড়া বাংলাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য সরকারের বিভিন্ন প্রচেষ্টার কথা তুলে ধরেন।
বাংলার পাশাপাশি অন্যান্য ভাষার চর্চার ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, “বাংলা ভাষা আমাদের ভাষা। এই ভাষার বিকাশে অন্যান্য ভাষার চর্চা প্রয়োজন।”
গুরুত্বপূর্ণ বাংলা গ্রন্থের অন্যান্য ভাষায় ভাষান্তরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “অন্য ভাষা চর্চা করতে গেলে নিজের ভাষা হারিয়ে যাবে – এই দ্বিধা থাকা উচিত নয়। এখানে কারো দ্বিধা না থাকলেই আমি খুশি হবো।”
সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলা
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালকের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে বলেন, “বই মেলার জন্য বাংলা একাডেমির জায়গা সীমিত। এখানে অনেক বেশি স্টল হলে মেলার ভাবগম্ভীর নষ্ট হয়ে যায়।”
বাংলা ব্যাকরণের অভাব পূরণে বাংলা একাডেমী দুই খণ্ডে প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ-গ্রন্থ প্রকাশ করায় অভিনন্দন জানিয়ে সরকার প্রধান বলেন, “এটি ভাষাগত শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়ক হবে বলে আমি মনে করি।”
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) ব্যবস্থপনা পরিচালক মহিউদ্দিন আহমেদ জাতীয় গ্রন্থনীতি প্রণয়নের আহ্বান জানান।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তার বক্তব্যে জাতীয় গ্রন্থনীতির ওপর একটি কমিটি করে দেয়ার নির্দেশনা দেন।
শেখ হাসিনা তথ্য প্রযুক্তির ওপর গুরুত্বারোপ করে বলেন, “আগে আমার ছেলে আর ছেলের বৌ অনেক বই নিয়ে আসতো। এখন তারা ছোট একটা নোটবুক নিয়ে আসে। এবার আমি আমরা বৌ’মার কাছে জানতে চাইলাম হাতে ওটা কী। তখন বললো, ওটা একটা নোট বুক। ওটা একটি লাইব্রেরির সাথে যুক্ত। তাতে সব বই পড়া যায়। তবে, কিছু অর্থ খরচ হয়।”
“প্রযুক্তির ব্যবহার বন্ধ করা যাবে না। তবে, মুদ্রণ শিল্প বেঁচে থাকুক- সেটাই আমার প্রত্যাশা।”
বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ।
প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে ভাষা আন্দোলনের কবিতা আবৃতি করে শিশু তায়েম। সে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণও শোনান। আবৃতি ও ভাষণ শুনে তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী শিশু তায়েমের পড়াশোনার জন্য এক লাখ টাকার স্থায়ী আমানত করে দেয়ার নির্দেশ দেন। পরে প্রধানমন্ত্রী বইমেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টল ঘুরে দেখেন। তার চলে যাওয়ার পর মেলা সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রথমে জাতীয় সংগীত পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা। এরপর শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ছায়ানটের শিল্পীরা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটিও পরিবেশন করেন।
এ বছরের গ্রন্থমেলায় মোট ২৭৪টি প্রতিষ্ঠানকে ৪৬০টি ইউনিট বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে ২৪৬টি প্রকাশক ও প্রকাশনা প্রতিষ্ঠান পেয়েছে ৪১৮টি ইউনিট এবং ২৮টি সরকারি ও অন্যান্য প্রতিষ্ঠান পেয়েছে ৪২টি ইউনিট।
এছাড়া মেলায় ৪৫টি লিটল ম্যাগাজিন জায়গা পেয়েছে ‘লিটল ম্যাগ কর্নারে’।
১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারি বাংলা একাডেমীর বটতলায় মাত্র ৩২টি বই নিয়ে প্রথম বইমেলার প্রচলন করেন ‘মুক্তধারা’ প্রকাশনীর চিত্তরঞ্জন সাহা। ১৯৭৬ সালে এসে মেলায় যোগ দেয় আহমদ পাবলিশিং হাউস। এরপর ১৯৭৭ সালে একে একে যোগ দেয় নওরোজ কিতাবিস্তান ও চলন্তিকা।
১৯৭৮ সালে প্রাতিষ্ঠানিকভাবে বইমেলার আয়োজন শুরু করে বাংলা একাডেমী। ১৯৮৪ সালে বাংলা একাডেমী বইমেলা নাম পরিবর্তন করে রাখা হয় ‘অমর একুশে গ্রন্থমেলা’।
