২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে জামায়াতের ৭ নেতা গ্রেপ্তার

নৈরাজ্য সৃষ্টির ‘পরিকল্পনা’ করার অভিযোগে রাজধানীর গুলশানের একটি স্কুল থেকে জামায়াতে ইসলামীর দুই রুকনসহ সাত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2013, 10:53 AM

Updated : 23 Aug 2022, 10:08 AM

শুক্রবার দুপুরে গুলশান নয় নম্বর রোডের ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মিলনায়তনে বৈঠক করার সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান গুলশান থানার ওসি রফিকুল ইসলাম।

এই সাতজন হলেন- জামায়াতের রুকন সালেহ আহমেদ ও মোস্তাফিজুর রহমান এবং আবদুল মান্নান, মো. হেদায়েতুল্লাহ, সগির আহমেদ, কবির আহমেদ ও মো. কেফায়েতুল্লাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনার উদ্দেশ্যে দুপুর পৌনে ১২টার দিকে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক অডিটোরিয়ামে বসে বৈঠক করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।”

রফিকুল বলেন, কেফায়েতুল্লাহ ওই কলেজের উপাধ্যক্ষ এবং জামায়াতের বাড্ডা থানার নেতা। আর আবদুল মান্নান বাড্ডা, হেদায়েতুল্লাহ ভাটারা ও সগির আহমেদ বনশ্রী থানার নেতা।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে গত নভেম্বর থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা ও ভাংচুর চালিয়ে আসছে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবির। 

ওই দাবিতে বৃহস্পতিবারও তারা সারা দেশে হরতাল করে এবং সংঘাতে জড়ায়।