২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের প্রয়োজনে প্রস্তুত থাকুন: স্কাউটদের প্রধানমন্ত্রী

দেশের যে কোনো প্রয়োজনে সব সময় স্কাউটদের প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2013, 10:12 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ এনএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দশম জাতীয় রোভারমুট ও পঞ্চম জাতীয় কমডেকার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,  স্কাউটিংয়ের মূলমন্ত্র ‘সদা প্রস্তুত’ ও ‘সেবা’র মানসিকতা নিয়ে সবাইকে দায়িত্ব পালন করতে হবে।

Image
পঞ্চগড়ে স্কাউটস সমাবেশে প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে স্কাউটস সমাবেশে প্রধানমন্ত্রী

“দায়িত্ব পালনে স্কাউটদের একনিষ্ঠ হতে হবে। সৎ, দৃঢ় ও দেশাত্ববোধে উজ্জীবিত সুনাগরিক তৈরিতে স্কাউটরা গুরু দায়িত্ব পালন করবে।”

দেশ পরিচালনায় নিজেদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার জন্যও স্কাউটদের প্রতি আহবান জানান শেখ হাসিনা।

বাংলাদেশ স্কাউটসের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার আবুল কালাম আজাদ, দশম জাতীয় রোভারমুট ও পঞ্চম জাতীয় কমডেকা অনুষ্ঠানের সাংগঠনিক কমিটির সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান বক্তব্য দেন।

পরে পায়রা উড়িয়ে স্কাউট সমাবেশের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি স্কাউট ক্যাম্প পরিদর্শন ও স্কাউটদের ডিসপ্লে উপভোগ করেন।

‘শান্তি ও উন্নয়নে স্কাউটিং’ স্লোগানে স্কাউট ও রোভার স্কাউটদের সবচেয়ে বড় এই সমাবেশ গত মঙ্গলবার  শুরু হয়।

বিকেল ৩টায় পঞ্চগড় চিনিকল মাঠে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পরে সেখানে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তার ভাষণ দেয়ার কথা রয়েছে।