গৃহকর্মীকে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ৪
রাজধানীর উত্তরায় এক গৃহকর্মীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে গৃহকর্তা, তার শ্যালক ও তাদের দুই বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধর্ষণের পর হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে তাদের বিরুদ্ধে।
বুধবার রাতে উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল থেকে নয় বছর বয়সী ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সফিউল জানান, গৃহকর্ত্রী সানজিদা রাতে ওই গৃহকর্মীকে অচেতন অবস্থায় রেড ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা মেয়েটিকে মৃত ঘোষণা করলে সেখান সটকে পড়ার চেষ্টা করেন সানজিদা।
এরপর ওই হাসপাতালের চিকিৎসকরা থানায় খবর দেন। মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলেও পুলিশকে জানান তারা। এরপর পুলিশ গিয়ে মেয়েটির লাশ উদ্ধার করে।
এ সময় খাদিমুল বাশার তার দুই বন্ধুকে নিয়ে থানায় গেলে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে উত্তরা সাত নম্বর সেক্টরের চার নম্বর সড়কের ছয় নম্বর বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় জুবায়েদকে।
এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় উত্তরা থানায় মামলা করেন বলে এসআই সফিউল জানান।
নিহতের মা সুমি বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বড় কুশিয়া গ্রামে। মমতাজ নামের এক প্রতিবেশী তার মেয়েকে ঢাকায় এনে মাসে পাঁচশ’ টাকা বেতনে খাদিমুলের বাসায় কাজ দেন। আট মাস কাজ করার পর বাড়ি গিয়ে কয়েক দিন কাটিয়ে দুই মাস আগে সে আবার ঢাকায় আসে।
স্বামী হাবিবুর রহমান প্রায় তিন বছর আগে ক্যান্সারে মারা যান জানিয়ে সুমি বেগম বলেন, এই মেয়ে ছিল তার তিন সন্তানের মধ্যে সবার বড়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু মিয়া জানান, গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়েছে। তাদের হেফাজত চেয়ে আবেদন করা হবে।
