২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্যাংগা বাবু’ ৪ দিনের রিমান্ডে

শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত নাজমুল হাসান বাবুকে(ব্যাংগা বাবু) জিজ্ঞাসবাদের জন্য চার দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 07:02 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

বুধবার ঢাকার মহানগর হাকিম মনিরুজ্জামান শুনানির পর মিরপুর থানার তিনটি মামলার মধ্যে একটিতে দুই দিন, অন্য দুটিতে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

দারুস সালাম থানায় করা মামলায় রিমান্ড ও জামিন আবেদন নাকচ করা হয়।

গত ২৩ জানুয়ারি চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৪০ দিনের হেফাজতে চেয়েছিলেন তদন্ত কর্মকর্তা।

আবেদনে বলা হয়- ছিনতাই, ডাকাতি, ডাকাতিকালে হত্যার মামলার রহস্য উদঘাটনের জন্য আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

বাবুর বাবার নাম হাতেম আলী। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পয়সা গ্রামে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার স্বরুপারচক গ্রামের বাসিন্দারা বাবুকে মানসিক রোগী মনে করে গত ২২ জানুয়ারি রাতে গোয়ালন্দ থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

বাবু ঢাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের ঘনিষ্ঠ সহযোগী বলে চিহ্নিত। তিনি শাহাদাতের হয়ে চাঁদা আদায়সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ আটটি মামলা রয়েছে।