জাতীয় কবিতা উৎসব শুরু ১ ফেব্রুয়ারি
২৭ তম জাতীয় কবিতা উৎসব-২০১৩ আগামী ১-২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরী সংলগ্ন হাকিম চত্বরে অনুষ্ঠিত হবে।
জাতীয় কবিতা পরিষদের আযোজনে এই উৎসবের উদ্বোধন করবেন পরিষদের প্রধান উপদেষ্টা কবি সৈয়দ শামসুল হক।
পরিষদের সভাপতি হাবিবুল্লাহ সিরাজী এ বিষয়ে সাংবাদিকদের বলেন, “চল্লিশ বছরের বিচারহীনতার সংস্কৃতির অবসান এবং ন্যায় ও সত্য প্রতিষ্ঠার এই ঐতিহাসিক মুহূর্তে জাতীয় কবিতা উৎসবের এবারের স্লোগান- ‘যুদ্ধাপরাধের বিচার দাবি আজ কবিতার’।”
তিনি উল্লেখ করেন, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে আলোর মশাল জ্বালিয়ে প্রথম কবিতা উৎসব শুরু হয়েছিল।
উৎসবের আহ্বায়ক কবি মুহাম্মদ সামাদ জানান, এবারের উৎসবে গীতাঞ্জলি থেকে কবিতা আবৃত্তি করা হবে।
তিনি বলেন, প্রায়ত কবি ফয়েজ আহমেদ ও সুনীল গঙ্গোপধ্যায় স্মরণে জাতীয় কবিতা উৎসব-২০১৩ নিবেদিত হবে।
বাংলা ভাষার কবিতা ছাড়াও অন্য ভাষার কবিতার জন্য বিশেষ অধিবেশন থাকবে বলেও জানান তিনি।
এছাড়া উৎসবে একুশের গান, উৎসব সংগীত, স্বরচিত কবিতা আবৃত্তি, কবিতার গান, সেমিনার ও প্রদর্শনীর আয়োজন থাকছে।
উৎসবে নিবন্ধনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দোতলায় উৎসব দপ্তর খোলা হয়েছে।
বিকাল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত নিবন্ধন চলছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জাতীয় কবিতা পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য কবি মুহাম্মদ নুরুল হুদা, কাজী রোজী, সাধারন সম্পাদক আসলাম সানি, ভারতীয় কবি অমৃত মাইতি, কবিতা উৎসবের যুগ্ম-আহ্বায়ক তারিক সুজাত।
