২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মার্ট এক্সপোর্টের চেয়ারম্যান-এমডি রিমান্ডে

স্মার্ট এক্সপোর্ট লিমিটেড কারখানায় আগুনে সাত পোশাককর্মীর মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে জিজ্ঞাবাদে দুই দিনের হেফাজত মঞ্জুর করেছে আদালত।

প্রকাশ বিশ্বাস প্রকাশ বিশ্বাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 03:33 PM

Updated : 25 Apr 2022, 06:19 PM

বুধবার ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।

মঙ্গলবার রাতে ধানমন্ডির একটি বাড়ি থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শরীফ আব্দুল ছালাম (৪৪) ও এমডি জাকির আহমেদ শিরুকে (৫৬) গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (পশ্চিম) হুমায়ুন কবির আসামিদের সাত দিন করে রিমান্ড আবেদন করে আদালতে হাজির করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, ওই কারখানায় অগ্নি নির্বাপণের ভাল ব্যবস্থা ছিল না। জরুরি প্রয়োজনে বের হওয়ার সিড়িও ছিল সরু। প্রতিষ্ঠানটির কোনো বীমা ছিল না। আসামিদের অবহেলার কারণেই আগুনে ওই সাত পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

গত ২৬ জনুয়ারি দুপুর সোয়া ২টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় স্মার্ট এক্সপোর্ট নামে ওই পোশাক কারখানার দ্বিতল ভবনে আগুন লাগে। এতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে পদদলিত হয়ে সাত শ্রমিক নিহত হয়। এ ছাড়া আহত পাঁচ শ্রমিক এখনো হাসাপাতালে চিকিৎসাধীন।

নিহত শ্রমিক রাজিয়ার বাবা আলতাফ হোসেন ওইদিন মোহাম্মদপুর থানায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও এমডি ছাড়াও পরিচালক সুভাষকে আসামি করে একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকেও আসামি করা হয়েছে।