‘যেখানেই জামায়াত-শিবির, সেখানেই প্রতিরোধ’
জামায়াত-শিবিরের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করতে হবে।
বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে বিএনপি-জামায়াত শিবিরের নৈরাজ্যের বিরুদ্ধে এক প্রতিবাদ সভায় তিনি এ আহ্বান জানান।
আওয়ামী লীগের এই প্রচার সম্পাদক বলেন, “পাড়ায়, মহল্লায় যেখানেই জামায়াত-শিবির পাওয়া যাবে, সেখানেই তাদের প্রতিরোধ করতে হবে। কারণ তারা মানবতা বিরোধীদের বিচার বানচালের চেষ্টা চালিযে যাচ্ছে।”
মানবতা বিরোধীদের বাঁচাতে এই নৈরাজ্যে বিএনপির প্রত্যক্ষ মদদ রয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
ছাত্রদল ও শিবিরকে ‘দুই ভাই’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, “এক ভাইকে মতিঝিলে পাঠিয়ে দিয়ে অন্যভাই ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করার পাঁয়তারা করছে।”
ছাত্রলীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, জনসাধারণকে সাথে নিয়ে বৃহস্পতিবারের হরতাল মোকাবেলা ও প্রতিরোধ করতে হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল করে আটক সব নেতার মুক্তি দাবিতে বৃহস্পতিবার সারা দেশে হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
বিশেষ অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু করতে চাই। এ যুদ্ধ যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে, ঘাতকদের বিরুদ্ধে। ঘাতকদের বিচার করে এই যুদ্ধে জিততে চাই।”
জামায়াত শিবিরকে প্রতিরোধের আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রয়োজনে আমাদেরকে হিংসাত্মক থেকে আরো বেশি হিংসাত্মক হতে হবে।”
বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্য, বিশৃংখলা ও অপতৎপরতার প্রতিবাদ এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে এই সমাবেশের আযোজন করে ঢাকা মহানগর ছাত্রলীগ।
সমাবেশে আরো বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ।
