২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম কলেজ ছাত্রবাসে শিবির কর্মীর সিট বাতিল

ছাত্রলীগ কর্মীকে মারধর করায় চট্টগ্রাম কলেজের এক শিবির কর্মীকে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 01:39 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

সেইসঙ্গে কলেজের শেরেবাংলা ছাত্রাবাস থেকে তার সিট বাতিল এবং তাকে এক বছরের নজরদারিতে রাখার সিদ্ধান্তও নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

সাজাপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চট্টগ্রাম কলেজের অর্থনীতি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে শৃঙ্খলা কমিটির সভায় নেয়া এই শাস্তিমূলক ব্যবস্থা কলেজের অধ্যক্ষ মঙ্গলবার অনুমোদন করেন।

তদন্ত কমিটির প্রধান ও কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক হযরত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মারধরের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় জরিমানা ও আবাসিক হলের সিট বাতিলের পাশাপাশি জাহাঙ্গীর আলমকে এক বছর নজরদারিতে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই সময়ে তার দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ঘটনা ঘটলে প্রয়োজনে তার ছাত্রত্বও বাতিল করা হবে।

গত ১৪ জানুয়ারি চট্টগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাসে রসায়ন চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী তারেক আজিজকে মারধর করে শিবিরকর্মী জাহেদ। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ওই ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।