২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নি নির্বাপন ব্যবস্থা না করা পর্যন্ত স্মার্ট বন্ধের নির্দেশ

অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রাজধানীর মোহাম্মদপুরের পোশাক কারখানা স্মার্ট এক্সপোর্ট লিমিটেড বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 01:21 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

ন্যায় বিচার নিশ্চিতে দায়ের করা একটি আবেদনের প্রাথমিক শুনানি করে বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ এই আদেশ দেয়।

আদেশে একইসঙ্গে কারখানাটি বন্ধ থাকার সময় এর সব শ্রমিক-কর্মচারীর বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করতেও বলেছে আদালত।

অন্তর্বর্তীকালীন অপর আদেশে আদালত অগ্নিকাণ্ডের ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুসারে ব্যবস্থা নিতে বলেছে।

পাশাপাশি দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুসারে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা কেন দেয়া হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেছে আদালত।

Image
Small investors protest before High Court

Small investors protest before High Court

শ্রম সচিব, পুলিশের মাহাপরিদর্শক, ঢাকা জেলা প্রশাসক, আশুলিয়া ও মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্মার্ট এক্সপোর্ট লিমিটেডের তিন পরিচালক মো. শরীফ আহমদ, জাকির হোসেন ও শ্রী সুভাষ ও বিজিএমইএ কর্তৃপক্ষকে দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

স্মার্ট এক্সপোর্ট লিমিটেডের তিন পরিচালক এবং আশুলিয়ার তাজরীন ফ্যাশনসের মালিককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারে নির্দেশনা চেযে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ মঙ্গলবার আবেদনটি দাখিল করেন।

এই আবেদন দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে মঙ্গলবার রাতে স্মার্টের চেয়ারম্যান মো. শরিফ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকির আহমেদকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গেপ্তার করে পুলিশ।

এর আগে ওই ঘটনায় নিহত শ্রমিক রাজিয়ার বাবা আলতাফ হোসেন গত শনিবার রাতে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। কারখানার তিন পরিচালক শরীফ, জাকির ও শ্রীসুভাষকে এতে আসামি করা হয়।

মামলা দায়েরের পর মোহাম্মদপুরের ওসি আজিজুল হক জানান, আসামিদের অবহেলা ও গাফিলতির কারণে ওই অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনা ঘটে বলে মামলায় অভিযোগ করেছেন বাদী।  

গত ২৬ জানুয়ারি দুপুরে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় স্মার্ট এক্সপোর্ট কারখানার দ্বিতল ভবনে আগুন লাগার পর হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন শ্রমিক পদদলিত হন। ধোঁয়ায় দম বন্ধ হয়েও অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। 

এদের মধ্যে দুই শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আরো পাঁচজন মারা যান শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে।

এর আগে গত ২৪ নভেম্বর আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে আগুনে মারা যান অন্তত ১১১ জন শ্রমিক। তাজরীনের মালিকের বিরুদ্ধেও মামলার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।