২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতকে নিষিদ্ধের এখনই সময়: নাসিম

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার সময় হয়েছে বলে মনে করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 12:07 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

বুধবার পাবনায় সাবেক এ স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, “জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার এখনই উপযুক্ত সময়। কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর্যবেক্ষণে জামায়াত এবং এই দলের নেতাকর্মীরা যুদ্ধাপরাধে যুক্ত ছিল বলে উল্লেখ করা হয়েছে।”

এছাড়াও যুদ্ধাপরাদীদের মুক্তির দাবিতে জামায়াত ও তার সহযোগী ছাত্রশিবির যেভাবে সারাদেশে পুলিশ ও সাধারণ জনগণের উপর হামলা চালাচ্ছে, তাতে জামায়াত-শিবিরকে এখনই নিষিদ্ধ করা উচিত।

নাসিম আরো বলেন, বাংলাদেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার আসবে না। অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে।

আগামী ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাবনায় আগমন উপলক্ষে পাবনার এডওয়ার্ড কলেজ মাঠে মঞ্চ তৈরির কাজ পরিদর্শন শেষে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।

এ সময় পাবনা সদর আসনের সাংসদ গোলাম ফারুক খন্দকার প্রিন্স, জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নু, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি রেজাউল রহিম লাল, আব্দুল হামিদ মাস্টার, সদর উপজেলা চেয়ারম্যান মোশারোফ হোসেন, সোহেল হাসান শাহিন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।