২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢিলেঢালা হরতাল চলছে খগড়াছড়িতে

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইটভাটিতে শ্রমিক হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে চলছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 11:13 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

বুধবার সকাল থেকে চলা হরতালে কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সকালে জেলা শহরের বিভিন্ন স্থানে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, পিকেটাররা সকালে শহরের চেঙ্গী স্কয়ার, শাপলা চত্বর ও বাস টার্মিনাল এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

জেলা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। চলেনি অভ্যন্তরীণ পথের যানবাহনও। শহরে দোকানপাট বন্ধ রয়েছে।

পুলিশ সুপার শেখ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এছাড়া বান্দরবান জেলাতেও ঢিলেঢালা হরতাল পালিত হচ্ছে।

শুক্রবার রাতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ১০নম্বর বটতলী এলাকায় মেসার্স ভাই ভাই ব্রিকফিল্ডে সন্ত্রাসীর ব্রাশ ফায়ারে ইটভাটি শ্রমিক মো. ফারুখ হোসেন (১৫) নিহত হন। আহত হন ইটভাটির ব্যবস্থাপক আবুল হোসেন ও শ্রমিক শাহজাহান।

এ ঘটনার প্রতিবাদ ও দায়ীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ কেন্দ্রীয়ভাবে বুধবার সকাল-সন্ধ্যা পার্বত্য তিন জেলায় হরতাল পালনের ঘোষণার দেয়।

কিন্তু বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মগুরু বনভান্তর প্রথম পরিনির্বাণ বার্ষিকী থাকায় এবং রাজবনবিহার উপাসক-উপাসিকা কার্যনির্বাহী পরিষদের অনুরোধে রাঙামাটিতে বুধবারের হরতাল বৃহস্পতিবার পিছানো হয়।

পাহাড়ি বাঙ্গালি ছাত্র পরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে- ১. মাটিরাঙ্গার ইটভাটায় উপজাতীয় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নিহত ফারুকের খুনীদের গ্রেপ্তার এবং আহত দুই শ্রমিকসহ নিহত ফারুকের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, ২. উপজাতীয় সন্ত্রাসী কর্তৃক হত্যা, গুম, অপহরণ, চাঁদাবাজিসহ  সকল ঘটনার সুষ্ঠু বিচা, ৩. পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রত্যাহার করা সেনাক্যাম্প পুনঃস্থাপন, ৪. তিন পার্বত্য জেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কার্যক্রম চালু করে র‌্যাবের মাধ্যমে সকল অবৈধ অস্ত্র উদ্ধার এবং ৫. পরিবেশ রক্ষায় উপজাতীয় সন্ত্রাসীদের হাত থেকে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সৃজিত বাগান রক্ষায় দ্রুত হস্তক্ষেপ করা।