এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ১ লাখ
এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার শিক্ষার্থী কমেছে ১ লাখ ১৬ হাজার ৮৫৪ জন।
আগামী ৩ ফেব্রুয়ারি থেকে আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এবার ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। গত বছর এই সংখ্যা ছিল ১৪ লাখ ২০ হাজার ৫৭ জন।
২০১০ সালে যারা প্রথম জেএসসি-জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, তারাই এবার এসএসসি ও সমমানের পরীক্ষা দেবে। এর কারণেই পরীক্ষার্থীর সংখ্যা এবার কিছুটা কমেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আগে অষ্টম শ্রেণিতে কোনো ধরনের বাছাই ছাড়াই শিক্ষার্থীরা নবম শ্রেণিতে ভর্তি হতো। ওই পর্যায়ে এখন বাছাই হয় বলে পরীক্ষার্থী কমেছে।”
তবে ধীরে ধীরে বিষয়টি স্থিতিশীল হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
এবার এসএসসিতে তত্ত্বীয় পরীক্ষা চলবে ৫ মার্চ পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা হবে ৬ থেকে ১২ মার্চ।
খাতা দেখা শেষে মে মাসেই ফল প্রকাশ করা হবে জানিয়ে নাহিদ বলেন, “আশা করছি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে পরীক্ষা হবে।”
মন্ত্রী জানান, এ বছর এসএসসি, দাখিল ও কারিগরির ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৬৮ হাজার ২৬৮ জন ছাত্র এবং ৬ লাখ ৩৪ হাজার ৯৩৫ জন ছাত্রী।
এর মধ্যে আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে ৯ লাখ ৮৯ হাজার ৮১৭ পরীক্ষার্থীর মধ্যে ৪ লাখ ৮৮ হাজার ৪৮২ জন ছাত্র এবং ৫ লাখ ১ হাজার ৩৩৫ জন ছাত্রী।
আর দাখিলে ২ লাখ ২৫ হাজার ২৬ পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৫ হাজার ৬৬২ জন ছাত্র ও ১ লাখ ৯ হাজার ৩৬৪ জন ছাত্রী।
এছাড়া কারিগরি বোর্ডে ৬৪ হাজার ১২৪ জন ছাত্র এবং ২৪ হাজার ২৩৬ জন ছাত্রী মিলিয়ে মোট ৮৮ হাজার ৩৬০ জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষা দেবে।
মন্ত্রী বলেন, আটটি সাধারণ বার্ডের অধীনে এসএসসিতে ছাত্রী সংখ্যা বেশি হলেও মাদ্রাসা ও কারিগরি বোর্ডে ছাত্রী কমায় মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী কমেছে।
এবার ২৭ হাজার ৬৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিচ্ছে। গতবার ২৬ হা
এই হিসাবে এবার এসএসসিতে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২১৮টি বেড়েছে।
মোট পরীক্ষার্থী কমে এলেও এবার কেন্দ্র বেড়েছে ২৯৪টি। মোট ২ হাজার ৭৫৮টি কেন্দ্রে পরীক্ষা হবে এবার। গতবছর ২ হাজার ৪৬৪টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হয়।
এছাড়া দেশের বাইরে জেদ্দা, রিয়াদ, ত্রিপলি, দোহা, আবুধাবি, দুবাই ও বাহরাইন কেন্দ্রে মোট ২৯৩ জন শিক্ষার্থী পরীক্ষা দেবে এবার।
বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, গণিত ও উচ্চতর গণিত ছাড়া এবার সব বিষয়ের পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নে।
শিক্ষামন্ত্রী বলেন, অধিকাংশ বিষয়ের পরীক্ষা সৃজনশীন প্রশ্নে হওয়ায় শিক্ষার্থীরা ‘বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নিয়ে’ শিখতে পারছে।
“দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালস জনিত প্রতিবন্ধী এবং হাত নেই- এমন পরীক্ষার্থীরা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে পারবে। তাদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হবে।”
শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী সংবাদ সম্মেলনে জানান, মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়া শিক্ষার্থীর হার ধীরে ধীরে কমে আসছে।
তিনি জানান, মাধ্যমিক পর্যায়ে ২০১২ সালে ১৪ দশমিক ৭৬ শতাংশ, ২০১১ সালে ২২ শতাংশ, ২০১০ সালে ৩৬ শতাংশ এবং ২০০৯ সালে ৪৮ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়ে।
অন্যদের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন, ঢাকা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আবদুন নূর, কারিগরি বোর্ডের চেয়ারম্যান আবুল কাশেম, ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
