সালাউদ্দিন কাদেরের পক্ষে লড়বে রাষ্ট্রের আইনজীবী
বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী তার আইনজীবীদের ‘বাদ দেয়ায়’ তার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে কৌঁসুলি নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এর আগে দুপুর পর্যন্ত সালাউদ্দিন কাদেরের পক্ষে তার আইনজীবী ফখরুল ইসলাম ও আহসানুল হক শুনানিতে অংশ নেন।
সাকা চৌধুরী নামে পরিচিত এই বিএনপি নেতা তার সব আইনজীবীর ওকালতনামা প্রত্যাহার করার আবেদন জানালে ট্রাইব্যুনাল শুনানি করে তা গ্রহণ করার কথা জানায়।
আদেশে বলা হয়, বৃহস্পতিবার থেকে সালাউদ্দিন কাদেরের পক্ষে রাষ্ট্রের নিয়োগ করা আইনজীবী শুনানিতে অংশ নেবেন। তবে এ সময় কোনো আইনজীবীর নাম জানানো হয়নি।
দুই মাস মুলতবি থাকার পর বুধবার সকালে এ মামলায় রাষ্ট্রপক্ষের ১৭তম সাক্ষী হিসেবে এক নারী সাক্ষ্য দেন। ট্রাইব্যুনালের আদেশে এ মামলায় ক্যামেরা ট্রায়াল চলছে।
২০১০ সালের ১৬ ডিসেম্বর গ্রেপ্তারের পর ২০১১ সালের ৩ অক্টোবর সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দেয় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এরপর গত বছর ৪ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের ২৩টি ঘটনায় এই বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।
