সীতাকুণ্ডে পাহাড় ধসে নিহত ১
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় ইটভাটার জন্য মাটি কাটতে গিয়ে পাহাড় ধসে মারা গেছেন এক শ্রমিক, আহত হয়েছেন দুজন।
বুধবার দুপুরে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় মডার্ন ব্রিকসের জন্য মাটি কাটার সময় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মডার্ন ব্রিকস ইট তৈরির জন্য মাটি কাটার সময় ওপরের দিক থেকে পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়ে।
এতে বেশ কয়েকজন আহত হয়। ঘটনার পরপর দুই শ্রমিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয় লোকজনের সহাতায় ধসে পড়া পাহাড়ের মাটি সরিয়ে নেয়ার কাজ করছে।
কুমিরা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার দিদারুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
উদ্ধার কাজ অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, ঘটনাস্থলে আর কারো লাশ আছে কি না, তা দেখতে ধসে পড়া মাটি সরানোর কাজ চলছে।
