২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বুধবার হরতাল ছাত্রলীগের

আহত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের ওরফে বাপনের মৃত্যুর পর টাঙ্গাইলে বুধবার অর্ধদিবস হরতাল ডেকেছে সংগঠনটি। 

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 03:06 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের নিরালা মোড়ে ছাত্রলীগ আয়োজিত এক পথসভায় এ ঘোষণা দেয়া হয়।

আততায়ীর গুলিতে নিহত আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ হত্যার প্রতিবাদে গত ২০ জানুয়ারি টাঙ্গাইল পৌর শহরে হরতাল হয়। পিকেটিং করার সময় বিশ্বাস বেতকা গোডাউন বাজারে ব্যবসায়ী ও এলাকাবাসীর সংঘর্ষে বাপন (২৪) আহত হয়েছিলেন।

মঙ্গলবার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

আব্দুল কাদের বাপনের মৃত্যুর খবর টাঙ্গাইলে পৌঁছলে ছাত্রলীগ কর্মীরা মিছিল নিয়ে গোডাউন বাজারে গিয়ে ভাংচুর চালায় ও দুটি দোকানে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এছাড়া ছাত্রলীগকর্মীরা শহরের বিভিন্ন মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও করে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া বাইপাসে সড়ক অবরোধও করে।

সন্ধ্যায় শহরের নিরালা মোড়ে ছাত্রলীগের উদ্যোগে পথসভায় টাঙ্গাইল পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুর রহমান খান মুক্তি, যুগ্ম সম্পাদক আবু সাইদ খান পিয়ারা, স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক সামসুজ্জামান পাশা, যুবলীগ নেতা মোরশেদ আলম, জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল হুদা নবীন, সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ রাজীব প্রমুখ বক্তব্য দেন।

বাপন শহরের পূর্ব আদালত পাড়ার কেরামত আলীর ছেলে। আহত হওয়ার পর তার মা ফাতেমা বেগম বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেছিলেন।