রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যাবতীয় নিয়োগ স্থগিত
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সব ধরনের নিয়োগ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
মঙ্গলবার বিকালে এ বিষয়টি বিশ্ববিদ্যালয় উপাচার্যেকে জানানো হয়েছে। আদেশে শিক্ষক, কর্মকর্তা এবং নিয়মিত, এডহক ও দৈনিক হাজিরাভিত্তিক কর্মচারীর পদসহ সব ধরনের নিয়োগ স্থগিতের নির্দেশ দেয়া হয়েছে বলে ইউজিসি কার্যালয় জানিয়েছে।
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া নিয়ে উত্থাপিত অভিযোগ ও এর পরবর্র্তী পরিস্থিতি তদন্তে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মোহাব্বত খানের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি গত ২৪ ও ২৫ জানুয়ারি সরেজমিনে তদন্ত করে।
ইউজিসি সদস্য ও তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মোহাব্বত খান স্বাক্ষরিত এ আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে উত্থাপিত অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হল। ২৮ জানুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে এবং আদেশের ব্যতয় ঘটলে যাবতীয় দায়-দায়িত্ব উপাচার্যকে বহন করতে হবে।
অধ্যাপক ড. মোহাম্মদ মোহাব্বত খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয় উপাচার্য, প্রশাসন ও আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের সত্যতা পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের নির্দেশে নিয়োগ প্রক্রিয়া স্থগিতের এ আদেশ দেয়া হয়েছে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ২০০৮ সালের ১২ অক্টোবর প্রতিষ্ঠিত হওয়ার পর ২০০৯ সালের ১১ মে দ্বিতীয় উপাচার্য হিসেবে যোগ দেন অধ্যাপক ড. আব্দুল জলিল মিয়া। তার বিরুদ্ধে ক্ষমতাসীন দলের কয়েকজন জাতীয় ও স্থানীয় নেতার সমন্বয়ে নিয়োগ সিন্ডিকেট গড়ে তোলা, নিয়মনীতি না মেনে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও আত্মীয়করণের অভিযোগ ওঠে।
গত ৫ জানুয়ারি থেকে উপাচার্যের এসব দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ এবং তার অপসারণের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
আন্দোলন চলাকালে ১০ জানুয়ারি ছাত্রলীগের নেতৃত্বে বহিরাগতরা হামলা চালায় আন্দোলনকারীদের ওপর। এসময় তাদের অ্যাসিড হামলার শিকার হন পাঁচ শিক্ষক। আহত হন শিক্ষকসহ ১৮ জন।
এ ঘটনার পরপরই আমরণ অনশনে যান আন্দোলনকারীরা। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যরাতে একাডেমিক কাউন্সিল জরুরি সভা করে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে।
নিয়োগ স্থগিতে আদেশ পাওয়ার সত্যতা স্বীকার করে উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জলিল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ যথাযথভাবে পালন করা হবে।
তবে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
