‘ছাত্রলীগ-পদ্মায় সরকার বিব্রত’
চার বছরে মহাজোট সরকার বিভিন্ন ক্ষেত্রে সফলতা পেলেও ছাত্রলীগের `উচ্ছৃঙ্খল’ কর্মকাণ্ড ও পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে সরকার বিব্রত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
তবে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠার পরপরই সরকার এ ব্যাপারে পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেন মহাজোটের শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।
পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ ওঠার পর পদ্মা সেতুর জন্য ১২০ কোটি ডলারের ঋণ চুক্তি বাতিল করে বিশ্ব ব্যাংক। এরপর সরকারের নানামুখী তৎপরতায় তারা প্রকল্পে ফিরলেও দুর্নীতির ওই অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের তদন্তের গতিধারা পর্যবেক্ষণ করেই অর্থায়নের বিষয়টি চূড়ান্ত করবে বলে জানিয়েছে তারা।
এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “সচিব থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত তাদের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। তদন্ত চলছে, আমরা দেশি-বিদেশি সবার সহযোগিতায় তদন্ত কাজের অগ্রগতির ভিত্তিতে ধাপে ধাপে পদক্ষেপ নিচ্ছি।”
ক্ষমতাসীন মহাজোট সরকারের চার বছরে বিভিন্ন খাতের অগ্রগতি এবং বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সঙ্গে তুলনামূলক একটি চিত্র তুলে ধরতে এ সংবাদ সম্মেলন ডাকেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, যে কোনো প্রশাসনের ভিতরে দুর্নীতির ঘটনা প্রশাসনকে বিব্রত করে। যে কোনো বিশৃঙ্খলা রাজনীতিকেও বিব্রত করে।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত চার বছরে বিভিন্ন সময়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, সংঘর্ষ, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও জবরদখলের মতো কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ ওঠে।
বেশ কয়েকবার নিজেদের মধ্যেও সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। এসব ঘটনায় প্রাণহানীও ঘটে। বিরোধী দলসহ বিভিন্ন মহল থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার।
সরকার এসব ‘বিব্রতকর’ ঘটনা পাশ না কাটিয়ে মোকাবেলার চেষ্টা করেছে বলে মন্তব্য করেন ইনু।
সোমবার সারা দেশে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের হামলা-ভাংচুর প্রসঙ্গে ইনু বলেন, “আমি মনে করি অতর্কিত হামলা মোকাবেলা করা কঠিন। তবে গোয়েন্দা তথ্য থাকার পরেও কীভাবে অতর্কিতে হামলা হতে পারে তার তদন্ত করে দেখা হবে।”
জামায়াত-শিবিরের ওই তাণ্ডবের ঘটনায় প্রশাসন ও গোয়েন্দাদের ব্যর্থতা আছে কি না তাও খতিয়ে দেখা হবে বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী।
সোমবার ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় জামায়াত-শিবির কর্মীদের হামলায় অন্তত ৩১ জন পুলিশ সদস্য আহত হন। ঢাকায় পাঁচটি গাড়িতে আগুন দেয়ার পাশাপাশি দুই শতাধিক গাড়ি ভাংচুর করে শিবিরকর্মীরা।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ওই হামলার ঘটনায় সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা দেখলেও এমন অভিযোগ নাকচ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
সংবাদ সম্মেলনে ইনু বলেন, “এই হামলার চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। এটা গোয়েন্দা বা প্রশাসনিক ব্যর্থতা কি না তা শিগগিরই জানানো হবে। পুলিশের কোনো ব্যর্থতা থাকলে তাও খতিয়ে দেখা হবে।”
তথ্য মন্ত্রীর ভাষায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে। তবে তার মানে এই নয় যে, অতর্কিতে হামলা বা চোরাগোপ্তা হামলা মোকাবেলার যোগ্যতা সরকারের নেই।
পুলিশের ওপর হামলা ও যানবাহন ভাংচুরের কঠোর সমালোচনা করে হাসানুল হক ইনু বলেন, “অতর্কিত সন্ত্রাসী হামলা এটাই প্রমাণ করে, জামায়াত-শিবির শুধু যুদ্ধাপরাধীদের দোসরই নয়- তারা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত রয়েছে।”
জামায়াত-শিবিরের তাণ্ডব নিয়ে অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পরস্পরবিরোধী বক্তব্য মন্ত্রীদের মধ্যে সমন্বয়হীনতার প্রকাশ কি না- এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সরকারের ভিতরে এক মন্ত্রীর সঙ্গে আরেক মন্ত্রীর বক্তব্যে পার্থক্য থাকলে সমন্বয়হীনতা প্রকাশ পায় না। সমন্বয়হীনতা প্রকাশ পায় নীতিগত ব্যাপারে যদি পাল্টাপাল্টি অবস্থান গ্রহণ করে।
“স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নিয়েই কথা বলেছেন”, বলেন তিনি।
পিআইডির সম্মেলন কক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ড ছাড়া প্রতিটি ঘটনাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী দ্রুততার সঙ্গে অপরাধীদের আইনের আওতায় এনেছে।
তবে বিএনপি নেতা ইলিয়াম আলী গুমের কোনো সুরাহা না হওয়ার বিষয়টিও স্বীকার করেন তিনি।
গত ৯ ডিসেম্বর বিরোধীদলের অবরোধের সময় পুরান ঢাকায় ছাত্রলীগ কর্মদের হামলায় বিশ্বজিৎ দাস নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তথ্যমন্ত্রী।
তবে গণমাধ্যমের সূত্র ধরে ‘প্রকৃত’ অপরাধীদের গ্রেপ্তার করা গেছে উল্লেখ করে তিনি বলেন, “অপরাধ করলে কাউকে ছাড় দিচ্ছে না সরকার।”
“এটা ইতিবাচক দিক। যেখানে অপরাধীদের মাফ করে দেয়ার, আড়াল করার সংস্কৃতি চালু ছিল, সেখানে আমরা এই আমলে চেষ্টা চালাচ্ছি সবাইকে আইনেও আওতায় আনার। আমরা সামরিক স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের দিকে যাত্রা করছি।”
যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বিচার করার দায়িত্ব আদালতের, সরকারের নয়। তবে রায় কার্যকর করার দায়িত্ব সরকারের।
“আদালত স্বাধীনভাবে যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শেষ করবে। এর সঙ্গে সরকারের মেয়াদের কোনো সম্পর্ক নেই।”
প্রধান তথ্য কর্মকর্তা মো. আমিনুল ইসলামসহ তথ্য অধিদপ্তরের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
