নিজ ঘরে খুন ৯০ বছরের বৃদ্ধা
রাজশাহীর বাঘা উপজেলায় নিজ ঘর থেকে ৯০ বছরের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে দিঘা গ্রামে আয়াতুন নেছা ওরফে জমেলার লাশ পাওয়া যায়।
তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বাঘা থানা ওসি হামিদুর রশিদ পরিবারের সদস্যদের বরাত দিয়ে সাংবাদিকদের বলেন, সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে পরিবারের সদস্যরা তাকে ডাক দিতে গিয়ে তার লাশ দেখেন। তিনি যে ঘরে থাকতেন সে ঘরে সিঁধ কাঁটা রয়েছে এবং তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় নিহতের ছেলে ইসমত আলী মামলা করেছেন।
মামলায় বলা হয়েছে, বৃদ্ধার ছয় বিঘার একটি আম বাগান আছে। বাগানের কিছু অংশ নিয়ে প্রতিবেশী জামিলের (৭০) সঙ্গে বিরোধ চলছিল। এ কারণে জমেলাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
সন্দেহভাজন হিসেবে জামিলকে আটক করেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
