‘বাংলাদেশ হতে পারে সেতুবন্ধন’
বাংলাদেশকে পশ্চিম ও পূর্বের মধ্যে যোগাযোগের ‘সেতুবন্ধন’ হিসাবে গড়ে তোলার সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “পশ্চিম থেকে পূর্বের যোগাযোগের সূত্র হতে পারে বাংলাদেশ। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। আমাদের আর্থসামাজিক উন্নয়নে এই সম্ভাবনাকে কাজে লাগানো দরকার।”
বিমানবন্দরের যাত্রীসেবা আরো উন্নত হলে বিশ্বব্যাপী বাংলাদেশের সুনাম বাড়বে বলেও মনে করেন শেখ হাসিনা।
শাহজালালের কার্গো ব্যবস্থা আরো উন্নত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
বিমানবন্দরে আয়োজিত এই অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “বিমানবন্দর একটি দেশের আয়না। এই আয়নায় বিদেশিরা আমাদের দেশকে দেখে থাকেন। আমাদের দেশ সম্পর্কে তাদের ধারণা হয়।”
বিমানবন্দরের সেবার মান ও নিরাপত্তা বজায় রাখা গেলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলেও মন্তব্য করেন সরকার প্রধান।
তিনি বলেন, “এ ভাবমূর্তি ধরে রাখতে পারলে দেশে বিনিয়োগ বাড়বে। পর্যটন শিল্পের বিকাশ হবে। দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে।”
ডেনমার্ক সরকারের আর্থিক সহায়তায় এবং বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বিমানবন্দরের ট্যাক্সিওয়ে সংস্কারের এ প্রকল্প বাস্তবায়িত হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবার মান আরো উন্নত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
তারা বলছেন, এর মাধ্যমে দেশের সবচেয়ে বড় এই বিমানবন্দরের ট্যাক্সিওয়ে ক্যাটাগরি কোড ডি থেকে ই-তে উন্নীত হবে।
প্রকল্প ব্যয়ের ৫৩০ কোটি টাকার মধ্যে ডেনমার্ক ৪৪৫ কোটি এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ৮৫ কোটি টাকা দেবে। ২১ মাসে শেষ হবে প্রকল্পের কাজ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোতাম টিপে এই কাজের উদ্বোধন করেন।
এর আগে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্দেশ্য বলেন, “বিমানবন্দরে নেমে যাত্রীরা কী যাত্রী সুবিধা পাচ্ছেন- সেদিকে লক্ষ্য রাখতে হবে।”
তিনি বলেন, গত চার বছরে বর্তমান সরকারে মেয়াদে আকাশপথে যাত্রী পরিবহন প্রায় ২১ শতাংশ বেড়েছে। ২০০৯ সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ৪৩ লাখ যাত্রী যাতায়াত করেন। আর ২০১২ সালে বিমানযাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫২ লাখে।
যাত্রীদের সঙ্গে যথাযথ আচরণ নিশ্চিত করতে নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ দেয়ার ওপরও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দ্রুততম ও নিরাপদ মাধ্যম হিসাবে সারা বিশ্বে আকাশপথে পরিবহনের গুরুত্ব দিন দিন বাড়ছে। এজন্য বিমান পরিবহন ব্যবস্থার আনুষঙ্গিক অবকাঠামো গড়ে তোলা প্রয়োজন।
বিমানবন্দর অভিমুখী যাত্রী ও যানবাহন চলাচল সহজ করার জন্য বর্তমান সরকারের নেয়া পদক্ষেপগুলোও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “আমরা সার্বিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। দেশে যত বেশি বিদেশি বিনিয়োগ আসবে, আমরা ততো বেশি লাভবান হব। এজন্য অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বহির্বিশ্বে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা প্রয়োজন।”
অন্যদের মধ্যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান, সচিব খোরশেদ আলম চৌধুরী, বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত স্ভেন্ড অলিং এবং সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান মাহমুদ হাসান অনুষ্ঠানে বক্তব্য দেন।
পরে বিমানবন্দরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
