২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে নবদম্পতিকে ‘বেত্রাঘাত’

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নবদম্পতিকে বেত দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 05:57 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

নির্যাতিতরা হলেন- রিপন শেখ (৩৫) ও তার স্ত্রী নারগিস আক্তার(২০)।

রিপন উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাঁঠালদিয়া গ্রামের নবী হোসেনের ছেলে। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির একজন সদস্য।

মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজী সোমবার রাতে তাদের ওপর এই নির্যাতন চালান বলে অভিযোগ করেন রিপন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, একই গ্রামের আবুল হোসেনের মেয়ে নারগিসের সঙ্গে তার প্রেম ছিল। দুই পরিবার সম্মতি না দেয়ায় সোমবার তারা ঢাকার জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি আজিজ আল রুমির কাছে বিয়ে নিবন্ধন করান।

এরপর গ্রামে ফিরলে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজী রাতে তাদের দুজনকে নিজের অফিসে ডেকে নেন।

ওই বিয়েকে ‘ভুয়া’ আখ্যায়িত করে চেয়ারম্যান তার কক্ষের দরজা বন্ধ করে তাকে ২৫টি ও নারগিসকে ৩৩টি বেত্রাঘাত করেন বলে অভিযোগ করেন রিপন।

এ ব্যাপারে রাতেই সিরাজদিখান থানায় অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে প্রশ্ন করলে চেয়ারম্যান আলিম আল রাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি বেত মারিনি। তাদের পরিবারের অভিভাবকরাই দুজনকে শাসন করেছেন।”

বেত্রাঘাতে আহত নবদম্পতি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানান।

সিরাজদিখান থানার ওসি শেখ মাহবুবুর রহমান মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।