‘ফেব্রুয়ারির মধ্যে পদ্মার সুখবর’
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর অর্থায়নের বিষয়ে আগামী ফেব্রুয়ারির মধ্যে ‘সুখবর’ আসছে।
পদ্মা সেতুতে অর্থায়নে বিশ্ব ব্যাংকের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো না জানানোর মধ্যে সোমবার সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের একথা বলেন।
মন্ত্রী জানান, পদ্মা সেতু নির্মাণের জন্য নদী শাসনের অংশ হিসেবে মঙ্গলবার সেতু ভবনে একটি প্রতিষ্ঠানের সঙ্গে ১০০ কোটি টাকার চুক্তি সই হবে।
২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলারের অর্থায়নের বিষয়ে সিদ্ধান্ত জানুয়ারির মধ্যে না পেলে বিকল্প ব্যবস্থায় সেতু নির্মাণ করা হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।
যোগাযোগমন্ত্রী জানান, আগামী মার্চের শুরুতে রাজধানীতে আর্টিকুলেটেড বাস চালু করা যাবে।
তিনি বলেন, “এই ধরনের ১০টি বাস এসেছে, পাইপলাইনে আরো ২০টি রয়েছে, যা ফেব্রুয়ারিতে পাওয়া যাবে এবং আগামী মার্চের মধ্যে মোট ৫০টি বাস আসবে।”
আর্টিকুলেটেড প্রতিটি বাস কিনতে ১ লাখ ৮ হাজার ডলার খরচ হয়েছে বলে জানান মন্ত্রী।
ফাইল ছবি
সচিবালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান এম এম ইকবালের চিকিৎসার জন্য ১৪ লাখ টাকা হস্তান্তর অনুষ্ঠানে অন্য বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মন্ত্রী।
ওবায়দুল কাদের অর্থের চেক বিআরটিসি চেয়ারম্যানের ভাই শেখ শাজাহানের হাতে তুলে দেন। ক্যান্সারে আক্রান্ত ইকবাল বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন।
যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনন্থ সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-তে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীরা তাদের একদিনের বেতন দিয়ে এই অর্থ তোলেন।
