বিভাগীয় শহরে চাকরির পরীক্ষা নেয়ার দাবি
সরকারি কর্ম কমিশনসহ (পিএসসি) অন্যান্য চাকরির পরীক্ষাগুলো রাজধানীর পরিবর্তে বিভাগীয় শহরে নেয়ার দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে।
সোমবার দুপুরে নগরীর সাহেববাজারে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা এ মানববন্ধনে অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘সচেতন ছাত্র সমাজ’র ব্যানারে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষা জীবন শেষ করা চাকরিপ্রার্থীরা জিরোপয়েন্টে জড়ো হন। সেখানে তারা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।
এ সময় বক্তরা বলেন, বেশিরভাগ চাকরির পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হয়। ফলে দেশের বিভিন্ন স্থানের চাকরিপ্রার্থীদেরকে অতিরিক্ত অর্থব্যায়সহ বিভিন্ন ঝামেলায় পড়তে হয়।
মানববন্ধনে বেকার ভাতার পরিবর্তে নিয়োগ পরীক্ষায় গলাকাটা ফি নেয়ারও সমালোচনা করা হয়।
বক্তারা আরো বলেন, প্রতিবছর ২৭ লাখ শিক্ষিত যুবক চাকরির প্রতিদ্বন্দ্বিতায় যুক্ত হচ্ছে। ফলে দেশে বেকার সমস্যা দিনে দিনে ভয়াবহ আকার ধারণ করছে।
বেকারের সংখ্যা কমিয়ে আনতে প্রতিবছর ৪ দশমিক ৭ শতাংশ হারে কর্মসংস্থান বাড়ানো প্রয়োজন বলেও মনে করেন তারা।
