২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরণ অনশনে শাবি’র বিবিএ শিক্ষার্থীরা

বিভাগীয় প্রধানের অপসারণ দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 11:46 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

সোমবার দুপুর ১টা থেকে উপাচার্য ভবনের সামনে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি শুরু করে।

বিভাগীয় প্রধান অধ্যাপক অধ্যাপক নজরুল ইসলামের অপসারণের দাবিতে গত ২০ জানুয়ারি থেকে আন্দোলন করছে বিবিএ শিক্ষার্থীরা। তাদের এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ২৩ জানুয়ারি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন উপাচার্য মো. সালেহ উদ্দিন। রোববার দুপুরে  প্রতিবেদন দেয় এ কমিটি।

কিন্তু তদন্ত প্রতিবেদনে অধ্যাপক নজরুল ইসলামের অপসারণের সুপারিশ না থাকায় শিক্ষার্থীরা আমরণ অনশণের সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মো. সালেহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি তো আর বিভাগীয় প্রধানকে সরিয়ে দিতে পারি না। তদন্ত কমিটি প্রতিবেদন দিয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ব্যবস্থা নেয়া হবে।”

“তবে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট অনুযায়ী নিজম্ব ক্ষমতা বলে আমি বিভাগের প্রতিটি সেমিস্টারের জন্য তত্ত্বাবধায়ক শিক্ষক নিয়োগ দিয়েছি। তত্ত্বাবধায়করা শিক্ষার্থীদের সব সমস্যা নিয়ে বিভাগীয় প্রধানের সঙ্গে আলোচনা করবেন। সপ্তাহে একদিন শিক্ষার্থীদের সঙ্গে সভা করবেন,” বলেন তিনি।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনে তারা হতাশ হয়েছেন। প্রশাসন বিভাগীয় প্রধানকে বহাল রেখে তাদেরকে আন্দোলন প্রত্যাহারের করতে বলে।

কিন্তু বিভাগীয় প্রধানের অপসারণ না হওয়া পর্যন্ত তাদের আমরণ অনশন চলবে বলে জানিয়ে দেন।

ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্ত কমিটির সুপারিশ ও ভিসি স্যারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা শিক্ষার্থীদের বলেছি তিন দিনের মধ্যে বিভাগের সমস্যার সমাধান করা হবে। তোমরা কর্মসূচি প্রত্যাহার করো। কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করেনি।”

তাই প্রশাসনিকভাবে বিষয়টি দেখা হবে বলে তিনি জানান।

অধ্যাপক নজরুল ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধানের পাশাপশি স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের ডিন হিসেবে কর্মরত রয়েছেন। দুর্নীতিসহ কয়েকটি অবিযোগে এ দুটি পদ থেকে তার অপসারণ দাবিতে লাগাতার আন্দোলন করছেন শিক্ষার্থীরা।