২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১০

নারায়ণগঞ্জ সদরে বালু ভরাট ও আধিপত্য বিস্তার নিয়ে সোমবার দুপক্ষের গোলাগুলি ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 11:06 AM

Updated : 25 Apr 2022, 06:18 PM

দুপুরে সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের ঢাকেশ্বরী ভূইয়াপাড়া এলাকায় এ সংঘর্ষে আহতদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বলেন, গত কয়েকদিন ধরেই খালি জায়গা ভরাট ও ড্রেজার পাইপ বসানো নিয়ে আমির হোসেন ও টুন্ডা সেলিমের সঙ্গে স্থানীয় মহসিন মিয়া ও নাসিরের মধ্যে বিরোধ চলছিল।

দুপুর এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ শুরু হয়। এ সময় আমির হোসেনের অনুসারীরা মহসিনের বাড়িতে হামলা ও ভাংচুর করে।

এ ঘটনায় মহসিনের পক্ষ হয়ে স্থানীয় ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল মোল্লা আমিন তার বাড়িতে গেলে দুই পক্ষের মধ্যে আবারো সংঘর্ষ ও গোলাগুলি হয়। এতে ছয়জন গুলিবিদ্ধসহ ১০জন আহত হয়।

এরপর কাউন্সিলের পক্ষের লোকজন এক ঘণ্টা নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করে রাখে।

কাউন্সিলর রুহুল আমিন মোল্লা অভিযোগ করেন, বিচারের জন্য মহসিনের বাড়িতে গেলে তাকে লক্ষ্য করে আমির হোসেন ও টুন্ডা সেলিমের পক্ষের লোকজন গুলি চালায়।

গুলি তার গায়ে না লাগলেও তার ছোট ভাই রুহুলের গায়ে লেগেছে বলেও দাবি করেন তিনি।

পুলিশ সুপার শেখ নাজমুল আলম বলেন, বালু ভরাট নিয়ে দুই পক্ষের সংঘর্ষের পর  এক পক্ষ সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও তিনি জানান।