২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে শান্তিপূর্ণ হরতাল

পৌর কাউন্সিলরের উপর হামলার প্রতিবাদে বাগেরহাট শহরে আধাবেলা হরতাল শান্তপূর্ণভাবে শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 09:10 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পৌর পরিষদের ডাকা এ হরতালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে পুলিশ জানিয়েছে।

হরতাল চলাকালে শহরের ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ বন্ধ ছিল, সরকারি-বেসরকারি কার্যালয় খোলা থাকলেও লোকজন ছিল কম।

শহর থেকে দূরপাল্লার কোনো যান ছেড়ে যায়নি। চলেনি অভ্যন্তরীণ সড়কের যানবাহনও।

আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, শনিবার বিকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার শামীম আহসান (৪৫) এক বিএনপি নেতার হামলায় গুরুতর আহত হন।

শামীম এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিকেটররা সোমবার ভোর থেকে বাগেরহাট-খুলনা-বরিশাল সড়কে দূরপাল্লার বাসগুলো আটকে দেয়। সকাল সাড়ে নয়টার দিকে নেতাদের নির্দেশে বিআরটিসিসহ আটকে পড়া দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলো ছেড়ে দেয়া হয়।

শহরের কোথাও পুলিশি টহল ছিল না।

পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান হাবিবুর রহমান হরতাল সফল করায় শহরবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, মানুষ স্বতস্ফূর্ত হরতালের মধ্য দিয়ে সন্ত্রাসকে প্রত্যাখ্যান করেছে।

এরপরও যদি হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং সদর মডেল থানার ওসিকে অপসারণ করা না হয় তাহলে মঙ্গলবার থেকে পৌর এলাকায় পানি ও বিদ্যুৎ সরবরাহ এবং ময়লা অপসারণ বন্ধ করে দেয়ার হুমকি দেন মেয়র।

পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ হরতাল হয়েছে। কোথাও সহিংসতার খবর পাওয়া যায়নি।

শনিবার বিকালে কাউন্সিলর শামীম নিজ কার্যালয়ের পাশে চায়ের দোকানে দাঁড়িয়েছিলেন। এ সময় বিএনপি নেতা খাদেম নিয়ামূল কাদির সেখানে এসে কাঠের চেলা নিয়ে শামীমকে এলাপাথাড়ি পিটাতে থাকেন। তখন শামীম মাটিতে পড়ে গেলে খাদেম কাদির চলে যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এলাকার লোকজন শামীমকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে এবং রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনার জের ধরে রোববার দুপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠেনের নেতাকর্মীরা খাদেম কাদিরের (৩১) হাড়িখালী এলাকায় বাড়িতে ও শহরের পিসি কলেজ সড়কে পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলীর বাড়িতে হামলা চালায়। এতে অন্তত পাঁচ পুলিশ সদস্য আহত হন।

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে খাদেম কাদের ও শামীমের মধ্যে পূর্ববিরোধ আছে। খাদেম কাদেরের বিরুদ্ধে অস্ত্র আইনসহ মারামারির ঘটনায় অন্তত সাতটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি আদালতের নির্দেশে জামিনে রয়েছেন বলে জানান মডেল থানার ওসি মিজানুর রহমান।

শনিবার রাতেই খাদেমের বড় ভাই খাদেম নিয়ামুল বশিরকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। সোমাবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি।