বাণিজ্য মেলায় নিহতের মামলায় দুই আসামি রিমান্ডে
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় পারটেক্স প্লাস্টিকের প্যাভিলিয়ন ভেঙে একজন নিহত হওয়ার ঘটনার মামলায় দুই আসামিকে দুই দিনের পুলিশ হেফাজতে দিয়েছে আদালত।
আসামিরা হলেন- পারটেক্স গ্রুপের কর্মকর্তা ইন্দ্র মজুমদার ও মাহমুদ।
রোববার এ মামলার তদন্ত কর্মকর্তা শেরে-বাংলা নগর থানার এসআই শাহজাহান আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এরফান উল্লাহ দুই দিনের হেফাজতের আদেশ দেন বলে জানান আদালতের সংশ্লিষ্ট পুলিশের এসআই হুমায়ুন কবির।
শনিবার দুপুরে বাণিজ্য মেলায় পারটেক্স প্লাস্টিকের ১৪ নম্বর প্যাভিলিয়ন ভেঙে বিক্রয়কর্মী তেজগাঁও কলেজের ছাত্র রনি দাশ (২২) নিহত হয়। এঘটনায় নিহতের বাবা রামকৃষ্ণ দাস বাদী হয়ে রাতে শেরে বাংলানগর থানায় একটি মামলা করেন।
এসআই হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আবেদন করেন। তবে বিচারক তা নাকচ করেছেন।
