২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোরো চারা সংকটে নীলফামারীর চাষিরা

পৌষের শৈত্য প্রবাহে বীজতলায় চারা শুকিয়ে যাওয়ায় সংকটে পড়েছেন নীলফামারীর বোরো চাষিরা।

নীলফামারী প্রতিনিধি

আতিয়ার বাড্ডা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 12:55 PM

Updated : 25 Apr 2022, 06:18 PM

ফলে এবছর বোরো মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক এস এম সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকমকে বলেন, নীলফামারীতে এ বছর ৭৭ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শৈত্য প্রবাহে জেলার বেশিরভাগ বীজতলার চারা শুকিয়ে গেছে। ফলে কৃষকেরা চারা সংকটে পড়েছেন । এটি কাটিয়ে উঠতে কৃষকদের নতুন করে বীজতলা তৈরি করে বোরো বীজ বপনের পরামর্শ দেয়া হয়েছে, বলেন তিনি।

নীলফামারী সদর উপজেলার মধ্য হাড়োয়া গ্রামের কৃষক মহসিন আলী বাবলু শাহ বলেন, তিনি ১২ বিঘা জমিতে বোরো আবাদের জন্য বীজ বপন করেন। বীজতলায় চারা গজানোর পরে সেচ দেয়া, আগাছা নিড়ানী, সার প্রয়োগ করা হয়। কিন্তু পৌষের শৈত্য প্রবাহ ও কুয়াশায় তার বীজতলার প্রায় সব চারা নষ্ট হয়ে গেছে।

এখন রোপনের মতো প্রয়োজনীয় চারা বীজতলায় না থাকায় চরম বিপাকে পড়েছেন। চারা কিনতে পাওয়া গেলেও দাম চড়া বলে জানান এ কৃষক।

জলঢাকা উপজেলার মীরগঞ্জ নিজপাড়ার কৃষক আব্দু সামাদ বলেন, তিনি এ বছর ১০ বিঘা জমিতে বোরো আবাদ করবেন। কিন্তু তার বীজতলার শতকরা ৭৫ ভাগ চারা নষ্ট হয়ে গেছে। জমিতে লাগানোর জন্য তিনি চারা খুঁজছেন এবং পাওয়া গেলেও দাম ক্রয় ক্ষমতার বাইরে।

প্রতি বিঘা জমির জন্য চারা কিনতে প্রায় তিন হাজার টাকা পড়ছে জানিয়ে এ কৃষক বলেন, এত দাম দিয়ে চারা কিনে বোরো আবাদ করবেন কি না ভাবছেন।