প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক
যুক্তরাষ্ট্রের কংগ্রেস প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়।
রোববার সকালে গণভবনে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাতকালে এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বিজন লাল দেব বৈঠকে আলোচিত বিষয় সাংবাদিকদের অবহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা।
দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের মেয়াদে দেশে হয়ে যাওয়া ৫ হাজার ৫০৯ টি নির্বাচন নিয়ে কোনো অভিযোগ উত্থাপতি হয়নি। বর্তমান সরকারের সময়ে উপ-নির্বাচন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের প্রতিটি নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র বার বার বাধাগ্রস্ত হয়েছে। তার সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়।
প্রতিনিধিদলের সদস্যরা দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো দৃঢ় হবে বলে আশাপ্রকাশ করেন।
এ সময় তারা সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের সদস্যদের প্রশংসাও করেন।
বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা উল্লেখ করে শেখ হাসিনা প্রতিনিধিদলের সদস্যদের বলেন, “আমরা সকলের বন্ধুত্ব ও সহযোগিতা চাই।”
বিজন লাল দেব জানান, কৃষির উন্নয়ন, পুষ্টি, স্বাস্থ্যসেবা ও শিক্ষা নিশ্চিত এবং কর্সংস্থান সৃষ্টি করে বাংলাদেশের উন্নয়নের জন্য আমেরিকাসহ সকলের সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তার সরকারের উদ্যোগের ফলেই বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বেড়েছে।
বৈঠকে অন্যদের মধ্যে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।
