তাজরীনে নাশকতার প্রমাণ মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের পেছনে নাশকতার কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন স্বারষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
গত ২৪ নভেম্বর আশুলিয়ার ওই কারখানায় আগুন লেগে অন্তত ১১১ জন নিহত হন।
ওই ঘটনার কারণ খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি প্রাণহানির জন্য তাজরীন ফ্যাশনসের মালিক দেলওয়ার হোসেনসহ প্রতিষ্ঠানটির আরো নয়জন কর্মকর্তার বিরুদ্ধে মামলার সুপারিশ করে।
প্রতিবেদনে ওই অগ্নিকাণ্ডকে ‘নাশকতা’ উল্লেখ করা হলেও জড়িতদের চিহ্নিত করতে পারেনি তদন্ত কমিটি।
গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএও তাদের নিজস্ব তদন্তের পর তাজরীনের ঘটনাকে নাশকতা বলেছিল।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মহীউদ্দীন খান আলমগীর বলেন, “নাশকতামূলক তৎপরতার কোনো প্রমান আমরা এখনো পাইনি।”
তাজরীনের মালিক দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার না করার কারণ জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গ্রেপ্তার করলেই কোনো সমস্যার সমাধান হয় না। আমরা এখানে যে কথাটি ভালভাবে পর্যালোচনা করেছি তা হলো তাজরীন বা তাদের কর্তৃপক্ষের আগুন লাগিয়ে লাভবান হওয়ার সুযোগ ছিল কি না।”
“আলোচনায় দেখা গেছে যে অংকের বীমা এখানে ছিল- তার নিরিখে এখানে আগুন লাগানোর কোনো যৌক্তিকতা নেই।”
তবে তদন্তে মালিকপক্ষের জড়িত থাকার প্রমাণ মিললে ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করেন মন্ত্রী।
তিনি বলেন, ইতোমধ্যে তাজরীনের ঘটনায় মন্ত্রণালয়সহ অন্যান্য সংস্থার তদন্ত সম্পন্ন করেছে। সব দিক পর্যালোচনা করে কারখানার নিরাপত্তার বিষয়ে ‘আরো সাবধান’ হওয়ার সিদ্ধান্ত হয়েছে।
শিল্প নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণ করে প্রতিটি পোশাক কারখানায় যা যা প্রয়োজন সেভাবে পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানানন মন্ত্রী।
তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের বিষয়টি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ খতিয়ে দেখছে।
‘মোহাম্মদপুরের ঘটনায় তদন্ত চলছে’
শনিবার মোহাম্মদপুরের স্মার্ট ফ্যাশনে অগ্নিকাণ্ডের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গতকালের ঘটনা দুঃখজনক ও মর্মান্তিক। প্রাথমিক তদন্তে দেখা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।”
‘যথাযথ’ তদন্তের পর এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে মন্ত্রী জানান।
শনিবার দুপুর সোয়া ২টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় স্মার্ট কারখানার দ্বিতল ভবনে আগুন লাগার পর হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন শ্রমিক পদদলিত হন। ধোঁয়ায় দম বন্ধ হয়েও অসুস্থ হয়ে পড়েন কয়েকজন।
এদের মধ্যে দুই শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আরো পাঁচজন মারা যান শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে।
এ ঘটনায় কারখানার তিন পরিচালককে আসামি করে একটি মামলা করেছেন নিহত এক শ্রমিকের বাবা।
