তাজরিন মালিকের শাস্তির সুপারিশ
তদন্ত কমিটি এই অগ্নিকাণ্ডকে ‘নাশকতা’ উল্লেখ করলেও এতে জড়িতদের চিহ্নিত করতে পারেনি।
অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের প্রাণহানির জন্য তাজরিন ফ্যাশনসের মালিক দেলওয়ার হোসেনসহ প্রতিষ্ঠানটির আরো নয়জন কর্মকর্তার বিরুদ্ধে মামলার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত কমিটি।
তদন্ত কমিটি এই অগ্নিকাণ্ডকে ‘নাশকতা’ উল্লেখ করলেও এতে জড়িতদের চিহ্নিত করতে পারেনি। দোষীদের চিহ্নিত করতে গোয়েন্দা কর্মকর্তাদের সমন্বয়ে কমিটি গঠন করে তদন্তের সুপারিশ করেছেন তারা।
গত ২৪ নভেম্বর আশুলিয়ার ওই কারখানায় অগ্নিকাণ্ড তদন্তে গঠিত এই কমিটি সোমবার প্রতিবেদন জমা দেয়।
কমিটির আহ্বায়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিবেদনে শাস্তির জন্য পাঁচটি চূড়ান্ত এবং ১৬টি সাধারণ সুপারিশ করা হয়েছে।
“চূড়ান্ত সুপারিশে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনাকে নাশকতা বলে মনে হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তবে এ ঘটনার জন্য মালিকপক্ষেরও চরম অবহেলা ছিল, যার দায় মালিকপক্ষ কোনোভাবেই এড়াতে পারে না।”
এজন্য চরম অবহেলাজনিত অমার্জনীয় অপরাধের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক দেলওয়ার হোসেনের বিরুদ্ধে ৩০৪ (ক) ধারায় আইনি ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি।
এই ধারায় অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড হওয়ার বিধান রয়েছে।
একইসঙ্গে তাজরীনের মধ্য পর্যায়ের নয়জন কর্মকর্তার বিরুদ্ধেও অবহেলার অভিযোগ এনে আইনি ব্যবস্থা ও শাস্তির সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদনে স্বরাষ্ট্র, শ্রম, গণপূর্ত, পরিবেশ ও বন এবং শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে পোশাক কারখানা পরিদর্শন করে শ্রম আইনে যথাযথ ব্যবস্থা নেয়া, ভবন নির্মাণ আইনের প্রয়োগ, জেলা পর্যায়ে গড়ে ওঠা এ ধরনের শিল্প প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও সুপারিশ করা হয়েছে।
ঘটনাটিতে নাশকতার প্রমাণ পাওয়ায় এ ধরণের ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে গোয়েন্দা কর্মকর্তাদের সমন্বয়ে কমিটি গঠন করে তদন্ত এবং দোষীদের খুঁজে বের করার পরামর্শ দেয়া হয়।
গত ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের তাজরিন ফ্যাশনস কারখানায় অগ্নিকাণ্ডে ১১১ জন শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ২৫ নভেম্বর চার সদস্যের একটি কমিটি গঠন করে।
মাইন উদ্দিন খন্দকারের নেতৃত্বাধীন এই কমিটির অন্য সদস্যরা হলেন- শিল্পাঞ্চল পুলিশের মহাপরিচালক আব্দুস সালাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র পরিচালক (প্রশাসন) আব্দুস সালাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (অগ্নি) সাইদ মাহমুদ বেলাল হায়দার এতে সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।
কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।
এ বিষয়ে কমিটি প্রধান বলেন, “আমাদের দেয়া সময় অনুযায়ী ১৭ ডিসেম্বর প্রতিবেদন দেয়ার কথা ছিল। সে অনুযায়ী আমরা প্রতিবেদন জমা দিয়েছি।”
তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক, ভ্রাম্যমাণ ব্যবসায়ী, ফায়ার সার্ভিস ও শিল্প পুলিশের বক্তব্য শোনে।এ ঘটনায় গ্রেপ্তার হওয়া তিনজন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়া এবং ভবন থেকে লাফিয়ে পড়ে জীবনে বেঁচে শ্রমিকদেরও কথা শোনেন তারা।
চূড়ান্তভাবে প্রতিবেদন তৈরি ও জমা দেয়ার আগে স্থানীয় সাংবাদিক, চিকিৎসা ও বিদ্যুৎ বিশেষজ্ঞদেরও মতামত নেয় কমিটি।
এ ঘটনা খতিয়ে দেখতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রশাসন, ফায়ার ব্রিগেড ও পুলিশের পক্ষ থেকেও আলাদা কমিটি করা হয়েছে।
