২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে মুদি ব্যবসায়ীকে জবাই, আটক ২

চাঁদপুরের পুরানবাজার এলাকায় এক মুদি ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 06:51 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

শনিবার রাতে এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দুই যুবককে আটক করেছে পুলিশ।   

চাঁদপুর সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, নিহত মকবুল হোসেন (৪৫) পুরানবাজারের মসজিদ পট্টি এলাকায় ‘পলাশ ট্রেডার্স’ নামের একটি দোকান চালাতেন। তিনি শরীয়তপুরের ডামুড্যার মিন্নত আলীর ছেলে।

আটক দুই যুবক হলেন- লুৎফর রহমান (২৬) ও সুজন (২৮)। লুৎফুরের বাড়ি শরীয়তপুরের ডামুড্যায়, অার সুজনের বাড়ি চাঁদপুরের পুরানবাজারে।

ওসি জানান, আটকের সময় লুৎফরের হাত রক্তমাখা ছিল। ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

নিহত মকবুলের ব্যবসায়িক অংশীদার দেবু সাহা জানান, ব্যবসার জন্য ৯৪ হাজার টাকা সংগ্রহ করে শনিবার রাতে তিনি দোকানে জমা দেন। এরপর মকবুলকে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়তে বলে বেরিয়ে আসেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, “রাত সাড়ে ১০টায় একদল যুবক এসে দোকানের জানালা ভেঙ্গে ভেতরে ঢোকে। এরপর তারা গলা কেটে মকবুলকে হত্যা করে এবং দোকান থেকে ২ লাখ ৯৪ হাজার টাকা নিয়ে বেরিয়ে যায়।”

এর পরপরই স্থানীয় বাসিন্দাদের সহায়তায় লুৎফর ও সুজনকে আটক করে পুলিশ।

দেবু সাহা জানান, টাকা লুট করার জন্যই দুর্বৃত্তরা মকবুলকে হত্যা করেছে বলে তার ধারণা।